কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশনে ইবির সমন্বয়ক সুইট
সানবিডি২৪ প্রকাশ: ২০২৫-০৪-২৩ ১৬:১৫:১৮
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে কুয়েট শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে এবার অনশননে বসেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক।
বুধবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে অনশন শুরু করেন সমন্বয়ক এস এম সুইট। এ সময় তার সঙ্গে সংহতি প্রকাশে আরো কয়েকজন শিক্ষার্থী সেখানে অবস্থান করেন।
শিক্ষার্থীরা বলেন, কুয়েটের উপাচার্য ৩৭ জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছিলো, তার প্রতিবাদে আমরা উপাচার্যের পদত্যাগ দাবি করেছিলাম। কিন্তু প্রশাসন এ ব্যাপারে কোন কর্ণপাত করেনি। কুয়েটের উপাচার্য তার নির্লজ্জতার সীমা ছাড়িয়ে গেছে। শিক্ষার্থীদের রক্তের ওপর দিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন। কিন্তু এখন তিনি শিক্ষার্থীদের ওপরেই নানারকম জুলুম নিপীড়িন শুরু করেছেন। শিক্ষার্থীদের দাবির বিষয়ে তিনি ভ্রুক্ষেপহীন। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারও শিক্ষার্থীদের দাবির বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের প্রতিটি সংহতি জানিয়ে অনশনে বসেছি। আমরা অনতিবিলম্বে কুয়েট উপাচার্যের পদত্যাগ চাই।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, কুয়েটে অনশনে বসা অধিকাংশ শিক্ষার্থীই অসুস্থ হয়ে পড়েছে। জুলাই বিপ্লবের ফলেই যে উপাচার্য তার চেয়ার পেয়েছেন, সেই চেয়ার নির্লজ্জের মতো আঁকড়ে ধরে শিক্ষাঙ্গনে এমন অস্থিতিশিল পরিবেশ তৈরি করে রাখাটা অত্যন্ত দুঃখজনক। অচলাবস্থা নিরসনে উপাচার্যের পদত্যাগ জরুরি। শিক্ষা উপদেষ্টাকে দ্রুত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাচ্ছি।
উল্লেখ্য, কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের অপসারণের একদফা দাবিতে আমরণ অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের ৩২ জন শিক্ষার্থী। এর মধ্যে কয়েকজন শিক্ষার্থী শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে খবর পাওয়া গেছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














