আ.লীগ নিষিদ্ধের কথা বললে পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয় সরকার: সারজিস

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৪-২৬ ০৯:২৩:০৫


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা যখনই সরকারের কাছে আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি, তারা আমাদের পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয়।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

এ সময় প্রশ্ন রেখে সারজিস আলম বলেন, যখন শাপলা চত্বর, পিলখানা এবং জুলাইয়ে হাজারও মানুষকে হত্যা করা হয়েছিল, তখন পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি কোথায় ছিল?

তবে এই এনসিপি নেতা তার বক্তব্যে আওয়ামী লীগ নিয়ে এই অবস্থান ব্যক্তকারী হিসেবে অন্তর্বর্তী সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তি বা উপদেষ্টা কিংবা পশ্চিমা কোনো দেশের নাম উল্লেখ করেননি।

বক্তৃতাকালে দেশের রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, এই জেনারেশনকে (প্রজন্ম) আপনারা ভয় করুন। যদি এই জেনারেশনের রক্তের ওপর দাঁড়িয়ে আবেগ নিয়ে খেলা করেন, তাহলে এই জেনারেশন সব ক্ষমতার বিপক্ষে গিয়ে যে কাউকে টেনেহিঁচড়ে ক্ষমতা থেকে নামাতে পারে- এটা মনে রাখবেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন, আজ শাহবাগে এই উন্মুক্ত প্রান্তরে আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি নিয়ে দাঁড়িয়েছেন, সেটা ২০২৪ সালের আগস্ট মাসে পূরণ হওয়ার কথা ছিল।

এম জি