১১ দিনের ছুটিতে আমেরিকা-কাতার যাচ্ছেন বিএসইসির চেয়ারম্যান

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৪-২৭ ১৪:৫৬:২৪


পুঁজিবাজারের সংকট চলছেই। পরিবর্তিত পরিস্থিতিতে দেশের অর্থনীতির অন্য খাতে ইতিবাচক পরিবর্তন এলেও পুঁজিবাজারে চলছে অবনতি। ঢালাও দরপতনে প্রতিদিনই কমছে মূল্যসূচক ও বাজারমূলধন। পুঁজিবাজারে এই অস্থিরতা যেন থামছেই না। দেশের পুঁজিবাজারের এমন অস্থিতিশীল অবস্থায় প্রশিক্ষণ অনুষ্ঠান ও সম্মেলনে অংশ নিতে আমেরিকা ও কাতারে যাচ্ছেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও কমিশনার মো. আলী আকবর। বিশ্বের বিভিন্ন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অফিসারদের নিয়ে আয়োজিত এসব অনুষ্ঠানে যোগ দেবেন তারা।
বিএসইসির চিঠির প্রেক্ষিতে গত ২০ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে কমিশনের চেয়ারম্যানের এসব সফরের জন্য ১১ দিনের ছুটি প্রদান করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব এম এম আশিক রেজা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, গত ০৫ মে থেকে ০৯ মে আমেরিকায় অনুষ্ঠিতব্য ‘৩১তম ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সিকিউরিটিজ মার্কেট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ এবং পরবর্তিতে ১২ মে থেকে ১৫ মে কাতারের দোহায় আইএসকো ৫০তম বার্ষিক সভায় অংশ নিতে মোট ১১ দিনের ছুটির প্রশাসনিক অনুমোদন দেওয়া হলো। এই ভ্রমণের সময় তিনি কর্তব্যরত হিসেবে বিবেচিত হবেন, তিনি সমস্ত বেতন এবং ভাতা পাবেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ভ্রমণ সম্পর্কিত সমস্ত ব্যয় বহন করবে, এবং তিনি নির্ধারিত সময়ের বেশি বিদেশে থাকতে পারবেন না বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এর আগে মেয়েকে মালয়েশিয়ায় স্নাতকোত্তর প্রোগ্রাম শুরু করতে সহায়তার জন্য ছুটিতে মালয়েশিয়ায় অবস্থান করেন খন্দকার রাশেদ মাকসুদ। গত ২১ জানুয়ারি থেকে ০৪ ফেব্রুয়ারি পর্যন্ত ১৫ দিন ছুটি কাটান তিনি।

 

 

এসকেএস