এনসিপির ‘আইনজীবী উইং’ প্রস্তুতি কমিটি গঠন

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৪-২৭ ২১:৪০:৩৪


জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের আইনি সহায়তা প্রদান, আন্দোলন সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং ন্যায়ের পক্ষে রাজপথে সক্রিয় অবদান রাখা বাংলাদেশের আইনজীবীদের নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে সুসংগঠিত করতে জাতীয় নাগরিক পার্টি ‘এনসিপি আইনজীবী উইং’ গঠনের উদ্যোগ নিয়েছে।

রোববার (২৭ এপ্রিল) রাতে জাতীয় নাগরিক পার্টি – এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এনসিপি আইনজীবী উইং স্বাধীন ও স্বতন্ত্র গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে। দেশীয় রাজনৈতিক প্রক্রিয়ায় আইনি কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে দেশব্যাপী আইনজীবী সমিতিগুলোতে কাজ করবে।

এনসিপির পাঠানো বার্তায় বলা হয়, জুলাই গণহত্যার বিচার কার্যক্রমে ভুক্তভোগীদের সার্বিক সহায়তা প্রদান এবং একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠায় আইনজীবী হিসেবে ভূমিকা পালন হবে এই উইংয়ের অন্যতম প্রধান কাজ। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুমোদনক্রমে আইনজীবী উইং প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

এনসিপি আইনজীবী উইং প্রস্তুতি কমিটি কো-অর্ডিনেটর অ্যাডভোকেট সাকিল আহমাদ, সদস্য যথাক্রমে– অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, খালেদ সাইফুল্লাহ, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, সালেহ উদ্দিন সিফাত, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, অ্যাডভোকেট আলী নাছের খান, অ্যাডভোকেট মনজিলা ঝুমা, অ্যাডভোকেট নূরতাজ আরা ঐশী, অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান, অ্যাডভোকেট মো. ছেফায়েত উল্যা ও অ্যাডভোকেট জায়েদ বিন নাসের।

বিএইচ