নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে: জয়নুল আবেদীন
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-০৩ ২১:১৭:৪৫
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে তারা জনগণের বন্ধু হতে পারে না। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে।
শনিবার (৩ মে) দুপুরে সিলেট জজ কোর্টের ২নং বার হলে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সিলেট জেলা বার ইউনিটের সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবেদীন বলেন, যে ভোটাধিকারের জন্য বাংলাদেশের মানুষ জীবন দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছে, বিএনপি এখন সেই ভোটাধিকার ফিরিয়ে দেয়ার কথা বললেই একটি শ্রেণির প্রতিক্রিয়ায় মনে হয় যেন আমরা পাপ করছি।
তিনি বলেন, দেশের মানুষ ১৭ বছর ভোটাধিকার বঞ্চিত ছিল। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দেশের জনগণ তাদের মালিকানা বুঝে নিতে রাজপথে নামতে বাধ্য হবে।
জয়নুল আবেদীন বলেন, ড. ইউনুস সরকারের প্রতি আমাদের সমর্থন রয়েছে। আমরা চাই ইউনুস সরকার সফল হোক, যদি না তারা নিজেরাই নিজেদের কাজে ব্যর্থ হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার এম বদরুদ্দোজা বাদলের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সেলিমের পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














