পানিকে মারণাস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত: মির্জা আব্বাস
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-০৪ ২১:৩৪:২১
পৃথিবীর মধ্যে ভারতই একমাত্র দেশ, যারা পানিকে মারণাস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সভাপতি মির্জা আব্বাস।
তিনি বলেন, বিগত সময়ে শেখ হাসিনার কারণে তিস্তায় পানি আসেনি। গণআন্দোলনের মাধ্যমেই তিস্তায় পানি নিশ্চিত করা হবে।
রোববার (৪ এপ্রিল) বিকেলে তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু করার দাবিতে রংপুরে সমাবেশ আয়োজন করে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’। গণপদযাত্রা পূর্ব সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, আগেই এই পানির হিস্যা আদায় করতে পারতাম, যদি শেখ হাসিনার মতো সরকার বাংলাদেশে না আসত। পানি নিয়ে তারা কোনোদিনও কথা বলেনি। ভারতকে এই ন্যায্য পানির হিস্যা দিতে হবে। না দেওয়া পর্যন্ত শুরু হওয়া এই আন্দোলন থামবে না।
সমাবেশ উপলক্ষে রংপুর মহানগরীর শাপলা চত্বরে বিকেল ৪টার আগেই হাজার মানুষের উপস্থিতিতে সব রাস্তা বন্ধ হয়ে যায়। এ অঞ্চলের ২ কোটি মানুষের লাইফলাইন তিস্তার পানির হিস্যা আদায় এবং তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে গণপদযাত্রায় অংশ নেন।
আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এছাড়াও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা যোগ দেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














