দেশের পথে খালেদা জিয়া
আপডেট: ২০২৫-০৫-০৫ ২২:০৭:৩৭
উন্নত চিকিৎসার জন্য প্রায় চার মাস যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
বাংলাদেশ সময় সোমবার (৫ মে) রাত ৯টা ৩৫ মিনিটে খালেদা জিয়া ও তার সফরসঙ্গীদের বহনকারী বিশেষ বিমান হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে। খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তার দুই পুত্রবধূ—জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।
এর আগে স্থানীয় সময় সোমবার দুপুর ২টা ১০ মিনিটে লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের পথে যাত্রা করেন সাবেক এ প্রধানমন্ত্রী। এসময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে বিমানবন্দরে পৌঁছে দেন।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ রাজকীয় বিমানে (অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে) ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন খালেদা জিয়া। বিমানবন্দরে দলের চেয়ারপারসনকে বিদায় জানাতে যুক্তরাজ্য শাখা বিএনপির নেতাকর্মীদের ঢল নামে।
রাতে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, দলের চেয়ারপারসনকে স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। খালেদা জিয়ার স্বাস্থ্যের জটিলতা বিবেচনায় রেখে তার গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় বিশেষ মেডিকেল প্রস্তুতি নেওয়া হয়েছে। তার আগমন ঘিরে বাসাটি একটি আধুনিক ও জরুরি চিকিৎসা সুবিধাসম্পন্ন কেন্দ্রে রূপান্তর করা হয়েছে, যেন কোনো প্রকার স্বাস্থ্য সংকটে দ্রুত সাড়া দেওয়া যায়।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














