ভারত-পাকিস্তানকে শান্তিপূর্ণ সমাধানে আসার আহ্বান তারেক রহমানের
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-০৭ ২১:৫৬:৫৫
ভারত-পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতময় পরিস্থিতিতে সংযম ধারণের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৭ মে) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানে পদক্ষেপ নেওয়ার এ আহ্বান জানান।
ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, যেহেতু আশপাশে উত্তেজনা বাড়ছে, তাই আমরা সামরিক হামলার নিন্দা জানাই এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা সংশ্লিষ্ট সবাইকে সংযম প্রদর্শন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি। অভিন্ন স্বার্থ এবং আকাঙ্ক্ষার ওপর নির্মিত একটি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ অঞ্চল সবার সর্বোত্তম স্বার্থে কাজ করে।
উল্লেখ্য, গত দুই সপ্তাহ ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছিল। মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানে সরাসরি হামলা চালায় ভারত। পাকিস্তানও পাল্টা জবাব দিয়েছে। হামলা-পাল্টা হামলায় পাকিস্তানের ২৬ এবং ভারতের ১২ জন নিহতের খবর পাওয়া গেছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














