উপদেষ্টাকে বোতল নিক্ষেপ: ছাত্রশিবিরের প্রতিবাদ ও বিবৃতি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-১৬ ১৭:২১:১১
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় পানির বোতল ছুঁড়ে মারার ঘটনাকে ঘিরে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি তদন্ত ও প্রমাণ ছাড়াই দায় চাপানোর প্রবণতার সমালোচনা করে একে “ফ্যাসিস্ট আচরণের পুনরাবৃত্তি” বলে আখ্যা দিয়েছে।
শুক্রবার (১৬ মে) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, ছাত্রশিবির শুরু থেকেই আদর্শ, সত্য ও ন্যায়নীতির ভিত্তিতে রাজনীতি করে আসছে। দেশের সংকটকালে এবং শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে গঠনমূলক ভূমিকা পালন করে আসছে শিবির। অথচ আজ পরিকল্পিতভাবে মিথ্যা প্রচার চালিয়ে সংগঠনটিকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে।
বিবৃতিতে তারা অভিযোগ করেন, কিছু ব্যক্তি ও গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ছবি, লোগো এবং বিভ্রান্তিকর তথ্য ব্যবহার করে ছাত্রশিবিরকে জড়িয়ে অপপ্রচারে লিপ্ত রয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই এমন কাজ হচ্ছে বলে দাবি সংগঠনটির।
নেতারা বলেন, আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির অপপ্রচার, মিথ্যাচার বা প্রোপাগান্ডার রাজনীতিতে বিশ্বাস করে না। অতীতেও শিবিরকে বহু ঘটনায় মিথ্যাভাবে জড়ানো হয়েছে — যেমন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. তাহের হত্যা, জাহাঙ্গীরনগরে কবির হত্যাকাণ্ড, কুয়েটে হামলা এবং ঢাবির সাম্য হত্যাকাণ্ড।
ঘটনার দিন, ১৪ মে রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সময় উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল ছোঁড়ার ঘটনা ঘটে। বিবৃতিতে দাবি করা হয়, ঘটনার তদন্ত ছাড়াই শিবিরকে দায়ী করে রাষ্ট্রীয় দায়িত্বশীল ব্যক্তি রাজনৈতিক প্রতিহিংসা দেখিয়েছেন। নেতারা বলেন, এমন আচরণ দায়িত্বশীলতার পরিপন্থী। যদি তিনি এই মানসিকতা পরিবর্তনে না পারেন, তাহলে তাঁর উচিত দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়া।
বিবৃতির শেষাংশে ছাত্রশিবির দেশবাসীকে বিভেদ ও দোষারোপের রাজনীতি পরিহার করে গঠনমূলক রাজনৈতিক সংস্কৃতি গড়ার আহ্বান জানায়। পাশাপাশি তারা হুঁশিয়ার করে বলে, উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চললে প্রয়োজনে তারা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














