রাজশাহীতে স্টপেজের দাবিতে বিক্ষোভ, রেল যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি আপডেট: ২০২৫-০৬-১১ ০৯:১৩:০৭


রাজশাহীর চারঘাট ‍উপজেলার নন্দনগাছী রেলস্টেশনে স্থানীয় লোকজন আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি (স্টপেজ) ও স্টেশন সংস্কারের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন।

বুধবার (১১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে স্টেশনের দুই পাশে লাল নিশান দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেন স্থানীয়রা। এরপর তারা সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

এতে স্টেশনের কাছে রাজশাহী থেকে খুলনা অভিমুখে ছেড়ে আসা সাগরদাঁড়ি ট্রেন ও ঢাকাগামী মধুমতি, বনলতা, সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন থেমে রয়েছে। ফলে সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এতে ঈদ শেষে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে ফেরা মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ট্রেনের সিডিউলের ব্যাপক বিপর্যয় হতে পারে।

বিক্ষোভকারীরা স্টেশন সংস্কার ও আন্তঃনগর ট্রেন থামানোর দাবি-সম্পর্কিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুন তুলে ধরেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

বিক্ষোভকারীদের দাবি, নন্দনগাছি স্টেশনে সিল্কসিটি এক্সপ্রেস, সাগরদাঁড়ি এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস ও ঢালার চর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি দিতে হবে এবং স্টেশনের সংস্কার করতে হবে।

পশ্চিম রেলওয়ের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুম বলেন, নন্দনগাছি রেলওয়ে স্টেশনের কাছে সাধারণ মানুষ বিক্ষোভ করছে। তারা স্টপেজের দাবিতে বিক্ষোভ করছে। এতে বেশ কিছু ট্রেন আটকা পড়েছে। বিক্ষোভ প্রত্যাহার না হওয়া পর্যন্ত রাজশাহীর সঙ্গে রেলযোগাযোগ বন্ধ থাকবে।

এনজে