বজ্রপাতে ঝরে গেলো মায়ের কোলে থাকা শিশুর প্রাণ
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৫-০৬-১১ ০৯:২৮:১৭
মায়ের সঙ্গে শুয়ে পরম মমতায় বুকের দুধ পান করছিল আট মাস বয়সের শিশু ডেভিড চাকমা। হঠাৎ বিকট শব্দে সব এলোমেলো হলো শিশুটির পরিবারের। বজ্রপাত কেড়ে নিলো মায়ের কোলে থাকা শিশু ডেভিডের প্রাণ। আহত হলেন মা মিতালি ত্রিপুরাও।
মঙ্গলবার (১০ জুন) বিকেলে রাঙ্গামাটির লংগদু উপজেলার বামে আটারকছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে নিহত ডেভিড চাকমার স্বজনরা জানান, বিকেল ৪টা থেকে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় মিতালি ত্রিপুরা শিশু সন্তানকে নিয়ে ঘরের বারান্দায় শুয়ে দুধপান করাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দ করে বজ্রপাত হলে মিতালি ত্রিপুরা ও শিশু ডেভিড চাকমা বিদ্যুতায়িত হন। পরে ঘরের অন্য সদস্যরা এগিয়ে এসে দেখেন মা ও শিশু দুজনেই নিথর পড়ে আছে। কিছুক্ষণ পর মা মিতালি ত্রিপুরার জ্ঞান ফিরলেও শিশু ডেভিড আর জেগে ওঠেনি।
আটারকছড়া ইউনিয়নের চেয়ারম্যান অজয় মিত্র চাকমা বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। মায়ের কোলে বজ্রপাতে শিশুর মৃত্যু হলো। সম্প্রতি বজ্রপাতে অনেক মানুষ মারা যাচ্ছে। প্রাকৃতিক বন উজাড় ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘনঘন বজ্রপাতের ঘটনা ঘটছে। প্রাকৃতিক এই দুর্যোগ থেকে বাঁচতে মানুষকে আরও সচেতন হতে হবে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













