করোনা মোকাবিলায় সবাইকে একসাথে কাজ করতে হবে: চসিক মেয়র

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৬-১১ ১৬:৫১:৩৩


চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, করোনার সম্ভাব্য সংক্রমণ মোকাবিলায় স্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি নগরবাসীকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

বুধবার (১১ জুন) নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক জরুরি প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র এসব কথা বলেন।

মেয়র বলেন, আমরা সবাই মিলে করোনা প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করলে আগের মতো এবারও সফল হতে পারব। ইতোমধ্যে চট্টগ্রামে তিনজন রোগী শনাক্ত হয়েছেন, তারা কেউ বিদেশফেরত নন, বরং ঢাকার হাসপাতালে চিকিৎসাকালে সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে। এতে বোঝা যাচ্ছে, স্থানীয় সংক্রমণের ঝুঁকি রয়েছে।

তিনি জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, বিআইটিআইডি, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরটিপিসিআর টেস্টের ব্যবস্থা রাখা হবে। এছাড়া র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট নগরীর বিভিন্ন স্থানে এবং চসিকের মেমন-২ হাসপাতালে করানো যাবে।

মেয়র আরও বলেন, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও চসিকের মেমন-২ হাসপাতালকে করোনার জন্য ডেডিকেটেড হাসপাতাল হিসেবে দ্রুত প্রস্তুত করতে নির্দেশনা দেয়া হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার জন্যও প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে।

তিনি বলেন, গতবারের অভিজ্ঞতা আমাদের প্রস্তুত করেছে। এখন চিকিৎসকরাও বেশি অভিজ্ঞ এবং সাহসী। বিআইটিআইডি, চমেক, মেমন টু—সবখানেই প্রস্তুতি নেয়া হয়েছে। করোনার ক্ষেত্রে সচেতনতা সবচেয়ে বড় অস্ত্র। মাস্ক পরা, হাত ধোয়া এবং শারীরিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করতে হবে।

চসিকের পক্ষ থেকে একটি সার্ভিস সেন্টার চালুর ঘোষণাও দেন মেয়র, যেখানে নাগরিকরা ফোন করে প্রয়োজনীয় সহায়তা নিতে পারবেন।

অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে জেলা প্রশাসকের নেতৃত্বে ম্যাজিস্ট্রেট দল মাঠে থাকবে জানিয়ে মেয়র বলেন, গতবার কিছু অসাধু ব্যবসায়ী মাস্ক, ভ্যাকসিন ও মেডিকেল কিট নিয়ে ব্যবসা করেছে। এবার আমরা আরও কঠোর থাকবো। চসিকের ম্যাজিস্ট্রেটরাও প্রয়োজনে অভিযান চালাবে।

সভায় সিভিল সার্জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, বিআইটিআইডি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিসহ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং অন্যান্য সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিএইচ