বর্তমানে দেশের সবচেয়ে বড় ফেতনা চাঁদাবাজি: জামায়াত নেতা

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৬-১২ ১৭:০০:১১


জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জয়পুরহাট জেলা আমির ফজলুর রহমান সাঈদ বলেছেন, বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় ফেতনা হচ্ছে চাঁদাবাজি।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে জেলার আক্কেলপুরে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে উপজেলা জামায়াতের যুব ও ওলামা বিভাগের সমাবেশে এসব কথা বলেন তিনি।

জয়পুরহাট জেলা আমির বলেন, সমাজের সর্বস্তরে একটি মহল চাঁদাবাজি করছে প্রতিনিয়ত। জামায়াতে ইসলামী একটি সুসংগঠিত দল। এই দলের নেতাকর্মীরা কেউ মাদক, চাঁদাবাজি, দখলদারি, টেন্ডারবাজিসহ কোনো ধরনের সামাজিক অপরাধের সঙ্গে জড়িত নয়।

ফজলুর রহমান সাঈদ বলেন, ইসলাম মহান আল্লাহর মনোনীত ধর্ম। ইসলাম শুধু মসজিদের ভেতরে সীমাবদ্ধ নয়। সমাজের সর্বস্তরে ইসলামী শাসনব্যবস্থা কায়েম করতে হবে। কোরআন আল্লাহর বাণী। তাই কোরআনের বিধান ছাড়া মনুষ্য তৈরি সব বিধানই বাতিল। আগামী দিনে কোরআনের আইনে দেশ পরিচালিত হবে। আমরা বহুদিন পর অনুকূল পরিবেশ পেয়েছি, তাই পবিত্র কোরআনের বাণী প্রত্যেক ঘরে পৌঁছাতে হবে। আলেম ওলামাদের ইসলামের সুমহান বাণী প্রচার করতে হবে।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগের পাপের ভার পূর্ণ হওয়ায় তাদের দলবলসহ পালিয়ে যেতে হয়েছে। ভারতের নির্দেশে জামায়াতে ইসলামীর শীর্ষ ১১ জন নেতাকে ফাঁসি দিয়েছে। নির্বিচারে বহু আলেম ওলামাদের হত্যা, গুম করেছে। ৫ আগস্টের আগ পর্যন্ত ন্যয্য অধিকার আদায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের নির্মমভাবে হত্যা করেছে। তারা ইসলামকে শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল।

সমাবেশে ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশিদ, সহকারী সেক্রেটারি এস এম রাশেদুল আলম সবুজ, ওলামা বিভাগের জেলা সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, আক্কেলপুর উপজেলা জামায়াতের আমির শফিউল হাসান দিপু, সেক্রেটারি মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএইচ