ভোলায় চাঁদাবাজির প্রতিবাদ করায় ইবি শিক্ষার্থীর উপর ছাত্রদলের হামলা
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৫-০৬-১৫ ১৫:৫৪:৫৭
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের নতুন হাকিমউদ্দিন বাজারে চাঁদাবাজির প্রতিবাদ করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।
শনিবার (১৪ জুন) সন্ধ্যায় স্থানীয় নতুন হাকিমউদ্দিন বাজারে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম (২২) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২৩-২৪ সেশনের শিক্ষার্থী।
জানা যায়, শনিবার (১৪ জুন) সন্ধ্যায় স্থানীয় নতুন হাকিমউদ্দিন বাজারে নিয়মিত চাঁদা উত্তোলনকারী ব্যক্তি চাঁদা নিতে আসলে শিক্ষার্থী মুজাহিদ চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়ে ব্যবসায়ীদের চাঁদা দিতে নিষেধ করেন। এতে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে কল দিয়ে অন্য বাজার থেকে সন্ত্রাসীদের জড়ো তাকে বেধড়ক মারধর করে তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে বাজারের ব্যবসায়ীরা জানান, বাজারটি সরকারিভাবে ইজারাভুক্ত না হলেও একটি চক্র দীর্ঘদিন ধরে খাজনার নামে চাঁদা আদায় করে আসছে। এই বিষয়ে চাঁদার বিরুদ্ধে রুখে দাঁড়াতে গেলে মুজাহিদকে স্থানীয় ছাত্রদল নেতা তুহিনের নেতৃত্বে তার কর্মীরা হামলা চালায়। হামলায় শিক্ষার্থী মুজাহিদ মারাত্মকভাবে আহত হন। এ সময় যুবদল নেতা ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য লিটন এবং বিএনপি নেতা মিন্টুও উপস্থিত থাকলেও তারা নীরব ভূমিকা পালন করেন।
ইবি শিক্ষার্থী মুজাহিদ বলেন, চাঁদাবাজরা দাবি করছে, “বাজারের আশপাশের এক কিলোমিটার এলাকাও নাকি তাদের ইজারার আওতায়। অথচ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে বাজারটি সরকারিভাবে ইজারাভুক্ত নয়। আমি ব্যবসায়ীদের চাঁদা দিতে নিষেধ করলে চাঁদাবাজ বিএনপির নামধারী সন্ত্রাসীরা আমাকে মারধর করে ও ফোন কেড়ে নেয়।”
এ বিষয়ে জানতে অভিযুক্ত ছাত্রদল নেতা তুহিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।
বোরহানউদ্দিন থানার ওসি জানান, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, বাজার ব্যবসায়ীরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













