করোনায় চলতি বছরে চট্টগ্রামে প্রথম মৃত্যু, নতুন আক্রান্ত ১০
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৬-১৭ ১০:৫৯:৫১
দেশজুড়ে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার মধ্যে চট্টগ্রামে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো একজনের মৃত্যু হয়েছে। করোনায় মারা যাওয়া ব্যক্তি হলেন, মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার বাসিন্দা শফিউল ইসলাম (৭৫)।
সোমবার (১৬ জুন) জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তিনি আগে থেকেই পোস্ট-অপারেটিভ জটিলতা ও কিডনি ফেলিউর সমস্যায় ভুগছিলেন এবং মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একাধিকবার তার ডায়ালাইসিস করানো হয়। করোনা শনাক্ত হওয়ার পর তিনি হাসপাতাল ছেড়ে নিজ বাড়িতে চলে যান এবং সেখানেই তার মৃত্যু হয়।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় নগরীর পাঁচটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ১২০টি নমুনা পরীক্ষার মধ্যে নতুন করে আরও ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৭ জন চট্টগ্রাম মহানগরীর এবং ৩ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এদিকে, সরকারি পরিসংখ্যান অনুযায়ী-গত আট দিনে চট্টগ্রামে মোট ২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২২ জনই মহানগরীর বাসিন্দা। বাকিরা বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













