যশোরে প্রাণঘাতি করোনায় আরও একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৬-১৯ ১১:৩০:৫৪


যশোরে প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত ইউসুফ আলী (৪৫) মণিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

বুধবার (১৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেন, যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. বজলুর রশিদ টুলু।

এ বিষয়ে হাসপাতাল সূত্রে জানা গেছে, শ্বাসকষ্ট ও কিডনির জটিলতা নিয়ে ইউসুফ আলী গত ১৩ জুন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। শুরুতে তাকে মেডিক্যাল ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে ১৪ জুন তাকে আইসিইউতে নেওয়া হয়। রোগীর অক্সিজেন লেভেল দ্রুত কমে যেতে থাকায় চিকিৎসকেরা করোনা পরীক্ষার পরামর্শ দেন।

বুধবার দুপুরে তিনি শহরের ইবনে সিনা হাসপাতালে করোনার নমুনা দেন।

রাতে ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। চিকিৎসকরা করোনার ট্রিটমেন্ট শুরু করার আগেই তিনি মারা যান।

এ নিয়ে যশোরে করোনার দ্বিতীয় ধাপে দুই জনের মৃত্যু হলো। এছাড়া আরও তিনজন সন্দেহভাজন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে বুধবার ভোরে যশোর জেনারেল হাসপাতালে শেখ আমির হোসেন পারুল (৬৮) নামে একজন করোনা আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেন।

এনজে