ঈদ পরবর্তী সপ্তাহে পুঁজিবাজারে উত্থান

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও বাজার মূলধন

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৬-২১ ১৪:৪১:২২


ঈদুল আজহার ছুটি শেষে দেশের পুঁজিবাজারে এক সপ্তাহের লেনদেন সম্পন্ন হয়েছে। এ সপ্তাহের ৫ কার্যদিবসের মধ্যে ৩ কার্যদিবসে পুঁজিবাজারে উত্থান ঘটেছে। এতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর বাড়ার পাশাপাশি বেড়েছে সবকটির মূল্যসূচক। সেইসাথে বেড়েছে লেনদেনের পরিমাণ ও বাজার মূলধন।

আলোচ্য সপ্তাহে লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে দর বেড়েছ ১৯৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। শেয়ার দর কমেছে ১৫৯ টি কোম্পানির। সেইসাথে অপরিবর্তিত ছিল ৪২ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। এসময়ে প্রধান মূল্যসূচক বেড়েছে ৪৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৬ শতাংশ। বর্তমানে সূচকটির অবস্থান ৪ হাজার ৭৫৪ পয়েন্টে। ডিএস৩০ সূচকে ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৮২ পয়েন্টে এবং ডিএসইএস সূচকে ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭ পয়েন্টে।

এ সপ্তাহে দৈনিক গড় লেনদেন ৩৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩২৫ কোটি ৩৭ লাখ টাকা। আগের সপ্তাহে এই লেনদেনের পরিমাণ ছিল ২৪১ কোটি ১ লাখ টাকা। আর গত সপ্তাহে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৫০ হাজার ৭৪৩ কোটি ৪৫ লাখ টাকা। যা এর আগের সপ্তাহে ছিল ৬ লাখ ৫০ হাজার ৫৯১ কোটি ৩৭ লাখ টাকা। অর্থাৎ বাজার মূলধন বেড়েছে ১৫২ কোটি টাকা বা শূন্য দশমিক ০২ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইসক্রিমের শেয়ার। কোম্পানিটির শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৩০ কোটি ২৪ লাখ টাকা, যা মোট লেনদেনের ৯ দশমিক ৩০ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা বিচ হ্যাচারির শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১৩ কোটি ৩৯ লাখ টাকা। প্রতিদিন গড়ে ১২ কোটি ৯৮ লাখ টাকা লেনাদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক।

এছাড়া লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- অগ্নি সিস্টেম, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ইস্টার্ন লুব্রিকেন্ট, ওরিয়ন ইনফিউশন, সি পার্ল বিচ রিসোর্ট এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন।

বিএইচ