ঘুরতে গিয়ে প্রাণ হারালেন জাবি শিক্ষার্থী
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৬-২১ ২১:২১:৫৯
রাজশাহীতে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী সাগর আহমেদ। তিনি ঢাকার দিয়াবাড়ির বাসিন্দা ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৬তম ব্যাচের ছাত্র ছিলেন। সাগর স্নাতক শেষ করে ইনস্টিটিউট অব রিমোট সেনসিং অ্যান্ড জিআইএস-এ স্নাতকোত্তরে অধ্যয়নরত ছিলেন এবং গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন।
শুক্রবার (২০ জুন) বিকেল সাড়ে চারটার দিকে নাটোর সদর উপজেলার বনবেলঘরিয়া এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী পথে আম কিনে ফেরার সময় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সাগর আহমেদসহ আরও দুজনের মৃত্যু হয়। তারা সাগরের সহকর্মী ছিলেন বলে জানা গেছে।
নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল কালাম বলেন, ঘটনার পরপরই আমরা মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছি। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে।
সাগরের বন্ধু ও একই ব্যাচের শিক্ষার্থী ওসমান মিয়া বলেন, সাগরের অকাল মৃত্যু আমাদের ভীষণভাবে শোকাহত করেছে। পরিবারের বড় সন্তান হিসেবে সে দায়িত্বশীল ভূমিকা পালন করছিল। তার চলে যাওয়া পরিবার ও আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।
পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক জামাল উদ্দিন রুনু বলেন, আমাদের প্রিয় শিক্ষার্থীর এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। এ বিষয়ে কেউ দায়ী থাকলে তদন্ত সাপেক্ষে শাস্তির দাবি জানাচ্ছি।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













