আইসিবি চেয়ারম্যান

বহুজাতিক কোম্পানিগুলোকে পাবলিক ইন্টারেস্টে পুঁজিবাজারে আসতে হবে

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৬-২৫ ১৯:৪৯:৪৭


বহুজাতিক কোম্পানিগুলোকে পাবলিক ইন্টারেস্টে পুঁজিবাজারে আসতে হবে বলে মন্তব্য করেছেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ।

বুধবার (২৫ জুন) ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) আয়োজিত ‘বাংলাদেশে পুজিবাজারের বর্তমান অবস্থা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে একথা বলেন তিনি।

তিনি বলেন, বহুজাতিক কোম্পানিগুলোকে অবশ্যই পুঁজিবাজারে আসতে হবে। তাদের পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে এগিয়ে আসা উচিৎ। কারন প্রত্যেক অর্থনীতিতে বহুজাতিক কোম্পানিগুলো টাকার জন্য এসেছে এটা সত্য নয়। বিভিন্ন দেশে জনগণের চাহিদার ভিত্তিতে এসেছে। কেননা জনগণ এটা চায়। লন্ডনে আপনি দেখেন ২০ শতাংশ অফ লোড করতে হয়। আমাদের এখানে মাত্র ১০ শতাংশ।

আইসিবি চেয়ারম্যান প্রশ্ন রেখে বলেন, জনগণের কি চাহিদা নাই? জনগণের কি মালিকানা দরকার নাই? জনগণ কি শুধু কাস্টমার হয়ে থাকবে? বহুজাতিক কোম্পানিগুলো তো ভারত, পাকিস্তান, থাইল্যান্ডে পুঁজিবাজারে তালিকাভুক্ত আছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামানকে উদ্দেশ্য করে তিনি বলেন, বহুজাতিক কোম্পানিগুলোকে নিয়ে বসুন। তারা কি চায় জানতে চান। তারা যদি পুঁজিবাজারে তালিকাভুক্ত না হতে চায়, তাহলে তাদের ওপরে কর বাড়িয়ে দেন। খুবই সহজ সমাধান। আর যদি শুনেন ১০ শতাংশ অফ-লোড করব, তাহলে বলেন, ১০ শতাংশ কর কমিয়ে দেওয়া হবে, অন্যান্য সব সুবিধা দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী, অর্থ) ড. আনিসুজ্জামান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম, সিডিবিএল চেয়ারম্যান তপন চৌধুরী ও এফআইসিসিআই সভাপতি জাভেদ আক্তার ও ডিবিএর নেতৃবৃন্দ।

বিএইচ