তালিকাভুক্ত বীমা কোম্পানীগুলোর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বিএসইসির সেমিনার

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৬-২৫ ২১:২৮:৫২


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা কোম্পানীগুলোর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে কমপ্ল্যায়েন্স অব সিকিউরিটিজ মার্কেট শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) বিএসইসি ভবনের মাল্টিপারপাস হলে সকাল সাড়ে ১০ টা থেকে দেড়টা পর্যন্ত এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসির পরিচালক মোঃ আবুল কালাম। সেমিনারে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা কোম্পানিগুলোর কমপ্লায়েন্স এর ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ, কমপ্লায়েন্স এর নিয়মাবলী, কমপ্লায়েন্স নিশ্চিতকরণসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সেমিনারে বলা হয়, বিশ্বব্যাপী পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী সংস্থাগুলির আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনস (আইওএসসিও) এর নীতি অনুসারেই পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ও প্রতিষ্ঠানসমূহ কর্তৃক যথাসময়ে ও সঠিকভাবে ডিসক্লোজার দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

তালিকাভুক্ত কোম্পানি ও প্রতিষ্ঠানসমূহের যথাসময়ে ও সঠিকভাবে ডিসক্লোজার প্রদান করলে সেটি বিনিয়োগকারীদের ভালো বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণেও সহায়ক ভূমিকা রাখে। কোম্পানিসমূহকে নিয়ম মাফিক ডিসক্লোজার প্রদানের বিষয়েও বলা হয়েছে বলে সেমিনারে উল্লেখ করা হয়।

এছাড়া পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানীসমূহের কমপ্লায়েন্স জোরদার করে কোম্পানিসমূহের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির পাশাপাশি সুশাসন নিশ্চিতের বিষয়ে সেমিনারে আলোচনা হয়।

সেমিনারে বীমা কোম্পানিগুলো শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। এসময় তারা কমপ্লায়েন্স সংক্রান্ত বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে কথা বলেন এবং অভিজ্ঞতার কথা জানান।

বিএইচ