আজ এইচএসসি ও সমমানের পরীক্ষা ‍শুরু

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৬-২৬ ০৮:২০:৫১


চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (২৬ জুন)। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে এ পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী। এবার দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রথম দিনে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৬০৫টি কেন্দ্রে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাদরাসা বোর্ডের অধীন ৪৫৯টি কেন্দ্রে আলিমের কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডের অধীন ৭৩৩ কেন্দ্রে এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষা নেওয়া হবে। সব বোর্ডের প্রথম দিনের পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়।

মানতে হবে ৭ স্বাস্থ্যবিধি

আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, করোনা ও ডেঙ্গুর সংক্রমণ বাড়ায় এইচএসসি পরীক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলা নিয়ে অত্যন্ত সতর্ক আমরা। পাশাপাশি প্রশ্নফাঁস ও নকল প্রতিরোধেও তৎপর রয়েছি। স্বাস্থ্যবিধিসহ সব নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কি না, সেগুলো তদারকি করার জন্য শিক্ষা বোর্ডের একাধিক টিম কাজ করছে।

এনজে