এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ১৯ হাজার ৭৫৯ পরীক্ষার্থী, বহিষ্কার ৪৩
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৬-২৬ ১৮:২৩:২৬
এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে সারা দেশে ১৯ হাজার ৭৫৯ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এদিন অসদুপায় অবলম্বনের দায়ে ৪৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে ৬ জন এইচএসসির, ২৪ জন আলিমের এবং ১৩ জন কারিগরির শিক্ষার্থী ছিলেন।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার এইচএসসির ৯টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীন বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় ৯ লাখ ১৮ হাজার ২৭৭ জন পরীক্ষার্থী অংশ নেন। এতে অনুপস্থিত ছিলেন ১৪ হাজার ৫১৩ জন পরীক্ষার্থী। ১ হাজার ৬০০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অসদুপায় অবলম্বনের দায়ে এদিন ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এর মধ্যে রাজশাহী বোর্ডে একজন, কুমিল্লা বোর্ডে তিনজন, বরিশাল বোর্ডে একজন ও ময়মনসিংহ বোর্ডে একজন রয়েছেন।
অন্যদিকে মাদ্রাসা বোর্ডে আলিমের কুরআন মাজিদ পরীক্ষা ৮০ হাজার ১২১ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে অনুপস্থিত ছিলেন- ৪ হাজার ১৯৬ জন। এ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ২৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বাংলা-২ পরীক্ষায় ৯৭ হাজার ৮৭৪ পরীক্ষার্থী অংশ নেন। অনুপস্থিত ছিলেন- ১ হাজার ৫০ জন। এ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













