শিক্ষা মানুষকে রাষ্ট্রের উপযোগী করে গড়ে তোলে: গণশিক্ষা উপদেষ্টা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৬-২৮ ১৬:৫৩:৩৫
শিক্ষা মানুষকে রাষ্ট্রের উপযোগী করে গড়ে তোলে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
শনিবার (২৮ জুন) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন নন-ফরমাল এডুকেশন ব্যুরো এবং ইউনিসেফ-এর যৌথ উদ্যোগে ‘স্কিল-ফোকাসড লিটারেসি ফর আউট অব স্কুল অ্যাডোলেসেন্টস (স্কিলফো)’ পাইলট প্রকল্পের জাতীয় পর্যায়ে প্রচার অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, শিক্ষার দুটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। একটি হচ্ছে- শিক্ষা ব্যক্তির মধ্যে যে সম্ভাবনা রয়েছে, তার বিকাশ সাধন করে। আর অন্যটি হচ্ছে- শিক্ষা মানুষকে তার সমাজের বা রাষ্ট্রের উপযোগী করে গড়ে তোলে। এজন্য আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের সামগ্রিক পরিকল্পনাতে এই দুটি দিকের প্রতি গুরুত্ব দিতে হবে।
গণশিক্ষা উপদেষ্টা বলেন, প্রজেক্টটি অত্যন্ত সফলভাবে পরিচালিত হচ্ছে। এই সফলতাকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। বরং এর সুফল সারাদেশে ছড়িয়ে দিতে হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম বিশেষ অতিথি ও ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













