ডিএসই’র নতুন প্রধান প্রযুক্তি কর্মকর্তা আসিফুর রহমান

সানবিডি২৪ আপডেট: ২০২৫-০৭-০২ ১৭:২৯:৫৬


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর নতুন প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) হিসেবে যোগদান করেছেন ড. মোঃ আসিফুর রহমান। বুধবার (২ জুলাই) তিনি এ পদে যোগদান করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের উপ-মহাব্যবস্থাপক মোঃ শফিকুর রহমান।

ডিএসই সূত্রে জানা যায়, আসিফুর রহমান বিভিন্ন দেশী ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি বিভাগে দীর্ঘদিন ধরে কাজ করেছেন। তিনি ২০১৬ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত আশা ইন্টারন্যাশনাল গ্রুপ পিএলসি.-এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) হিসেবে দায়িত্ব পালন করেন। এর পূর্বে তিনি ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত স্মার্ট সার্ভিস টেকনোলজিস কোম্পানি লি. এর ওভারসিজ অপারেশন্স-এর হেড হিসেবে দায়িত্ব পালন করেন।

এই দায়িত্ব পালনকালে তিনি আটটি কোম্পানি এবং অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, মায়ানমার ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সাথে অংশীদারিত্ব তৈরি করেন। তিনি ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত কিউশ্যু বিশ্ববিদ্যালয়, জাপান-এর সিস্টেম এলএসআই রিসার্স সেন্টার-এর রিসার্স ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন।

তার বৈচিত্র্যময় কর্মজীবনে তিনি আশা এবং আশা ইন্টারন্যাশনাল-এ ডিরেক্টর আইটি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক-এ সহযোগী অধ্যাপক, অ্যানজেলনেট টেকনোলজিস আইএনসি. (ইউএস্এ)-এর ঢাকা অফিসের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ওয়ার্ল্ড ব্যাংক এর ইটিএসি ডেটা কম্পিউটারাইজেশন প্রজেক্ট-এর এসিস্টেন্ট প্রোগ্রামার ও এফএও আন্দ্রে মেয়ার ফেলোশিপ প্রজেক্টএর কম্পিউটার কনসালটেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।

তিনি বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যাান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম ব্যাচের ছাত্র হিসেবে ১৯৯৪ সালে বিএসসি, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করেন। জাপানে কিউশ্যু বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। পাশাপাশি তিনি বুয়েট গ্রাজুয়েট ক্লাব লিমিটেড ও বুয়েট এলামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য।

এছাড়াও ফাইন্যান্সিয়াল মার্কেটের ব্লক চে্ইন, এআই ও মেশিন লার্নিং এপ্লিকেশন্স এবং ফাইন্যান্সিং মডেলিং-এর জন্য হাই পারফরমেন্স কম্পিউটিং আর্কিটেকচার ও স্কেলেবল সিস্টেমে তাঁর দক্ষতা রয়েছে।

বিএইচ