ব্যাক অফিস সফটওয়্যার বাস্তবায়নের মেয়াদ বাড়াল বিএসইসি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-০৩ ১৯:৫৪:২৮
ব্রোকারেজ হাউজে থাকা শেয়ার এবং সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশে (সিডিবিএল) সংরক্ষিত শেয়ারের তথ্যের মধ্যে গরমিল দূর করতে ব্রোকারেজ হাউজগুলোতে ব্যাক অফিস সফটওয়্যার চালু করার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গত ৩০ জুন ছিল ব্রোকারেজ হাউজগুলোর সফটওয়্যার বাস্তবায়নের শেষ সময়। ইতোমধ্যে ডিএসই ও সিএসই এর ২৯১ টি ডুয়েল ট্রেক হোল্ডারের মধ্যে ২৪৪ টি ট্রেক হোল্ডার অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করেছে। এছাড়াও সিএসই’র ৮২টি সিঙ্গেল ট্রেক হোল্ডারের মধ্যে ৪২টি ট্রেক হোল্ডার অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার বাস্তবায়ন করেছে।
তবে কিছু সীমাবদ্ধতার কারণে অনেক ব্রোকারেজ হাউজ এখনও কার্যকরভাবে এই সফটওয়্যার বাস্তবায়ন করতে পারেনি। তাই ডিএসই’র সুপারিশে ৪৭টি ও সিএসই’র সুপারিশে ৩৮টি ব্রোকারেজ হাউজকে এই সফটওয়্যার বাস্তবায়নে সময় দিয়েছে বিএসইসি। গত ১জুলাই বিএসইসি’র ৯৬১ তম কমিশন সভায় এ ব্রোকারেজ হাউজগুলোকে বিভিন্ন মেয়াদে সময় বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
এর আগে এই সফটওয়্যার বাস্তবায়নের জন্য ৩১ আগস্ট পর্যন্ত সময়সীমা বাড়ানোর অনুরোধ করে ডিবিএ। এ লক্ষ্যে গত ২৯ জুন ডিবিএ’র পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তার (সিআরও) কাছে চিঠি দেয়। পরবর্তীতে ডিএসই’র সুপারিশে এই সময়সীমা বাড়ায় বিএসইসি।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













