গতি ফিরেছে পুঁজিবাজারে, এক সপ্তাহে মূলধন বাড়ল সাড়ে দশ হাজার কোটি টাকা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-১৯ ১৪:৫২:৩৩
অচলাবস্থা থেকে গতি ফিরেছে দেশের পুঁজিবাজারে। গত কয়েক সপ্তাহ থেকেই বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। গত ৬ সপ্তাহে বাজারে মূলধন বেড়েছে ৪০ হাজার কোটি টাকা। আর সর্বশেষ সপ্তাহে মূলধন বেড়েছে প্রায় সাড়ে ১০ হাজার কোটি টাকারও বেশি।
গত সপ্তাহে পুঁজিবাজারে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। সেইসাথে বেড়েছে লেনদেনের গতি এবং মূল্যসূচক। পুরো সপ্তাহজুড়ে ডিএসই’র লেনদেনে দাম বেড়েছে ২৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। এর বিপরীতে দাম কমেছে ৮০টির। অপরদিকে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত রয়েছে।
বেশিরভাগ শেয়ারের দাম বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের গতিও বেড়েছে। গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৬৮১ কোটি ৬২ লাখ টাকা। আগের সপ্তাহে গড় লেনদেনের পরিমাণ ছিল ৬৩৬ কোটি ২১ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৪৫ কোটি ৪১ লাখ টাকা বা ৭ দশমিক ১৪ শতাংশ।
ফলে ৫ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৭ হাজার ৪৯৮ কোটি টাকা। আগের সপ্তাহ শেষে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৬ হাজার ৭৩৯ কোটি টাকা। অর্থাৎ আগের সপ্তাহের তুলনায় বাজার মূলধন বেড়েছে ১০ হাজার ৭৫৯ কোটি টাকা বা ১ দশমিক ৫৯ শতাংশ।
বাজারে সার্বিকভাবে গতি ফিরে আসায় বেড়েছে মূল্যসূচকও। সপ্তাহ শেষে প্রধান মূল্যসূচক বেড়েছে ৬৪ দশমিক ৪৪ পয়েন্ট বা ১ দশমিক ২৭ শতাংশ। আগের সপ্তাহে প্রধান মূল্যসূচক আরও বেশি বেড়েছিল। ঐ সপ্তাহে সূচকটি বাড়ে ১৭৩ দশমিক ৯৭ পয়েন্ট বা ৩ দশমিক ৫৫ শতাংশ।
অন্যান্য সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক বেড়েছে ১৮ দশমিক ৮৪ পয়েন্ট বা ১ দশমিক ৭১ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ৩৫ দশমিক ৫৭ পয়েন্ট বা ৩ দশমিক ৩৪ শতাংশ।
আর ভালো কোম্পানির সমন্বয়ে গঠিত ডিএসই-৩০ সূচক গত সপ্তাহে বেড়েছে ২৮ দশমিক শূন্য ৪ পয়েন্ট বা ১ দশমিক ৪৭ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ৭২ দশমিক ৫০ পয়েন্ট বা ৩ দশমিক ৯৫ শতাংশ।
সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে রয়েছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। কোম্পানিটির শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২০ কোটি ৬২ লাখ টাকা, যা মোট লেনদেনের ৩ দশমিক শূন্য ৩ শতাংশ।
লেনদেনের দ্বিতীয় শীর্ষ স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১৭ কোটি ৯৪ লাখ টাকা। আর প্রতিদিন গড়ে ১১ কোটি ৮৯ লাখ টাকা লেনদেনের মাধ্যমে তৃতীয় শীর্ষ স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ।
এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ, মিডল্যান্ড, লাভেলো, বিচ হ্যাচারি।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













