শিক্ষার্থীরাই আগামী দিনের পুঁজিবাজারে নেতৃত্ব দেবে: ডিএসই পরিচালক

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-২২ ১৮:১৩:৫২


আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের পুঁজিবাজার কেন্দ্রীক বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্ব দেবে। এ জন্য ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন শিক্ষা সচেতনতামূলক কর্মশালায় অংশগ্রহণ করে নিজেদের জ্ঞানতে সমৃদ্ধ করতে হবে।

মঙ্গলবার (২২ জুলাই) ডিএসই ট্রেনিং একাডেমিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীদের জন্য পুঁজিবাজার কেন্দ্রিক একাডেমী শিক্ষা ও সচেতনতামূলক কর্মশালায় এসব কথা বলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মেজর জেনারেল (অবঃ) মোহাম্মদ কামরুজ্জামান।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম এর ৮০ জন শিক্ষার্থী এই কর্মশালায় অংশ নেয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ডিএসই ট্রেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান।

ডিএসই’র পরিচালক মেজর জেনারেল (অবঃ) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, পুঁজিবাজারে বিনিয়োগ করার পূর্বে যথাযথ জ্ঞান অৰ্জন করতে হবে। বিনিয়োগকারীদের জ্ঞান বৃদ্ধির জন্য ডিএসই নিয়মিত বিনিয়োগ শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।

তিনি বলেন, পুঁজিবাজারের টেকসই উন্নয়নের জন্য সুশাসন বৃদ্ধি করার কোন বিকল্প নেই। বর্তমানে পুঁজিবাজারের সুশাসন বৃদ্ধি করার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিএসই পরিচালক বলেন, আজকের এ আয়োজন পুঁজিবাজার সম্পর্কে প্রাকটিক্যালভাবে জানার একটি বড় সুযোগ। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা ডিএসই’র এই সচেতনতামূলক কর্মশালা মাধ্যমে পুঁজিবাজার সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানের মাধ্যমে টেকনিক্যাল বিষয়ে জানতে পারবে। আজকের এই প্রোগামে যা জানা যাবে তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য যেমন কাজে আসবে, তেমনি ছাত্রছাত্রীদের জন্যও কাজে আসবে বলেও মন্তব্য করেন তিনি।

কর্মশালার শুরুতেই ডিএসই’র প্রধান পরিচালন কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসাদুর রহমান সকলকে স্বাগত জানিয়ে বলেন, প্রত্যেক শিক্ষার্থীর জন্য তাত্ত্বিক জ্ঞানের সাথে ব্যবহারিক জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান সমৃদ্ধ হবে। কর্মজীবনে উন্নতির জন্য উচ্চ লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং সে লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমেই যে কেউ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম-এর অধ্যাপক ড. মোঃ আলী নূর, অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম ও অধ্যাপক ড. মোঃ আব্দুল মান্নান।

বিএইচ