সরকারি কোম্পানি পুঁজিবাজারে আনতে জ্বালানি উপদেষ্টার সাথে বিএসইসির বৈঠক
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-২২ ১৯:৪৭:৪৯
দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের সরকারি কোম্পানিসমূহকে সরাসরি পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টার সাথে বৈঠক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সোমবার (২২ জুলাই) রেল ভবনে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং বিএসইসি’র কমিশনার মুঃ মোহসিন চৌধুরী।
বৈঠকে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের সরকারি কোম্পানিসমূহকে সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে পুঁজিবাজারে আনার বিষয়ে আলোচনা হয়। সেইসাথে কোম্পানিগুলোকে পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির পথকে সুগম করতে করণীয় বিষয়েও আলোচনা হয়।
বিএসইসি মনে করে, দেশের পুঁজিবাজারকে আরো প্রাণবন্ত ও শক্তিশালী রূপ দিতে ভালো মৌল ভিত্তি সম্পন্ন কোম্পানিসমূহের পুঁজিবাজারে তালিকাভুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এরই অংশ হিসেবে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে বিএসইসি।
গত ১১ মে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় পুঁজিবাজারের সঠিক অবস্থা পর্যালোচনা এবং উন্নয়নে করণীয় বিষয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং বিএসইসির চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা পুঁজিবাজারের উন্নয়নে ৫ টি নির্দেশনা দেন। সেই নির্দেশনা বাস্তবায়নেই এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে বিএসইসি’র পক্ষ থেকে জানানো হয়েছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













