ফান্ড ফেরতে ব্যর্থ হলে ভ্যানগার্ড অ্যাসেটকে ১০ কোটি টাকা জরিমানা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-২৩ ১৮:৪০:৫৯
সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড মিউচুয়াল ফান্ডের ৪ কোটি টাকা এএফসি হেলথ লিমিটেডে বিনিয়োগ করেছে। ২০১৭ সালে “ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান” ফান্ড হতে এই টাকা বিনিয়োগ করে প্রতিষ্ঠানটি।
এই বিনিয়োগের ফলে সংশ্লিষ্ট ফান্ডের ইউনিট হোল্ডারদের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে। সেই সাথে এটি আইনেরও লঙ্ঘন বলে জানিয়েছে বিএসইসি। তাই ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডকে বিনিয়োগকৃত ৪ কোটি টাকা সুদসহ ফেরত দিতে নির্দেশ দিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। গত ২২ জুলাই ৯৬৪তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
বিএসইসি’র পক্ষ থেকে জানানো হয়েছে, ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডকে আগামী ৩০ দিনের মধ্যে সুদসহ মোট ৯ কোটি টাকা ফান্ডে ফেরত দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। এই টাকা ফেরত দিতে ব্যর্থ হলে ১০ কোটি টাকা জরিমানা গুনতে হবে ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডকে।
বিএসইসি আরও জানিয়েছে, মিউচুয়াল ফান্ডটির ট্রাস্টি হিসেবে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি) যথাযথ তদারকি ও দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এ প্রেক্ষিতে সদস্য ফান্ডের ইউনিট হোল্ডারদের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে। তাই ট্রাস্টি হিসেবে বিজিআইসি কে ১ কোটি টাকা জরিমানা করেছে বিএসইসি।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













