টাকা ফেরত না দিলে রিজেন্ট টেক্সটাইলের ৫ পরিচালককে শত কোটি টাকা জরিমানা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-২৩ ১৮:৪৪:০০


পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড আইপিও ফান্ডের অর্থ সহযোগী প্রতিষ্ঠান লিগ্যাসি ফ্যাশন লিমিটেডের ৯৯ শতাংশ শেয়ার কিনতে ব্যয় করেছে। এই বিনিয়োগ আইপিও প্রস্তাবে উল্লেখ না থাকায় তা সরাসরি বিনিয়োগকারীদের স্বার্থের পরিপন্থী ও বিধি বহির্ভূত বলে উল্লেখ করেছে বাংলাদেশ সিকিউরিটিক অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এমতাবস্থায় রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডকে ৯০ কোটি টাকা ফেরত দিতে নির্দেশ দিয়েছে বিএসইসি। একইসঙ্গে যথা সময়ে অর্থ ফেরত না দিলে, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকসহ পাঁচ পরিচালকের প্রত্যেককে ২০ কোটি টাকা করে মোট ১০০ কোটি টাকা আর্থিক জরিমানা আরোপের সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

মঙ্গলবার (২২ জুলাই) বিএসইসি’র ৯৬৪ তম কমিশন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিজেন্ট টেক্সটাইল আইপিও সম্মতিপত্রের শর্ত ভঙ্গ করে ৮০ কোটি ১১ লাখ টাকা (সুদসহ) ব্যবহার করেছে, কোম্পানিটির সহযোগী প্রতিষ্ঠান লেগ্যাসি ফ্যাশন লিমিটেডের ৯৯ শতাংশ শেয়ার অধিগ্রহণ বা ক্রয়ে এই অর্থ ব্যবহার করেছে।

এই অনিয়মের ফলে রিজেন্ট টেক্সটাইলকে ৩০ দিনের মধ্যে ৯০ কোটি টাকা আইপিও তহবিলে ফেরত দিতে হবে। নির্ধারিত সময়ে অর্থ ফেরত না দিলে ব্যবস্থাপনা পরিচালকসহ পাঁচ পরিচালকের বিরুদ্ধে জরিমানা কার্যকর হবে।

উল্লিখিত অর্থ জমা প্রদানে ব্যর্থ হলে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ কোম্পানীর ৫ জন পরিচালককে ১০০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

রিজেন্ট টেক্সটাইলের কর্মকর্তা ও পরিচালকদের মধ্যে যাদেরকে জরিমানা করা হয়েছে তারা হলেন, ব্যবস্থাপনা পরিচালক সালমান হাবিব, পরিচালক মো. ইয়াকুব আলী, মো. ইয়াসিন আলী, তানভীর হাবিব এবং মাশরুফ হাবিব।

বিএইচ