বিপিডিবি এর সাথে ডিএসই’’র বৈঠক, পুঁজিবাজারে আসার আগ্রহ
সানবিডি২৪ প্রকাশ: ২০২৫-০৭-২৭ ১৫:৪৪:১৮
লাভজনক রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার সরকারের প্রচেষ্টার সাথে সামঞ্জস্য রেখে দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত বিদ্যুত উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ডিএসই’র চেয়ারম্যান মুমিনুল ইসলাম এবং বিপিডিবি’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: রেজাউল করিমের মধ্যে বিপিডিবি’র আওতাধীন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিসহ বিপিডিবি’র আওতাধীন লাভজনক কোম্পানিগুলোকে ডিএসইতে তালিকাভুক্ত করার লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সেসময় উপস্থিত ছিলেন বিপিডিবি’র সদস্য এ এন এম ওবাইদুল্লাহ, ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মাদ আসাদুর রহমান, এফসিএস, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সাইয়েদ আকরাম উল্লাহ, কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ আবুল মনসুর, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মাজেদা খাতুন।
বৈঠকে ডিএসই’র চেয়ারম্যান মুমিনুল ইসলাম বাংলাদেশের অর্থনীতি ও পুঁজিবাজারের সামগ্রিক অবস্থা এবং ডিএসই’র আধুনিকায়নের বিভিন্ন গৃহীত পদক্ষেপ সমূহ তুলে ধরেন। একই সাথে তিনি গ্রীন চ্যানেল বা ফার্স্ট ট্র্যাকের মাধ্যমে দ্রুত আইপিও আনার উদ্যোগের বিষয়টিও অবহিত করেন।
তিনি বলেন, আশুগঞ্জ পাওয়ার স্টেশনের মত সরকারি কোম্পানিগুলো আইপিও বা সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে অথবা বন্ড ইস্যু করে তাদের প্রয়োজনীয় তহবিল পুঁজিবাজার থেকে সংগ্রহ করতে পারে, তাতে করে সরকারের উপর তহবিল যোগানের চাপ কমবে৷ পাশাপাশি কোম্পানিগুলোতে সাধারণ জনগনের অংশীদারিত্বের মাধ্যমে করপোরেট গভর্নেন্সের উন্নয়ন ঘটবে৷
ডিএসই’র চেয়ারম্যান আরো উল্লেখ করেন, পাওয়ার সেক্টরের কোম্পানিগুলো গ্রীন বন্ড ইস্যু করে আন্তর্জাতিক ফান্ড ম্যানেজার কোম্পানি থেকেও পঁজিবাজারের মাধ্যমে ফান্ড সংগ্রহ করতে পারে, এতে করে বিদেশী বিনিয়োগকারীরাও আমাদের পুঁজিবাজারে আরো বেশী আকৃষ্ট হবে৷
ডিএসই’র চেয়ারম্যান মুমিনুল ইসলাম জানান, আশুগঞ্জ পাওয়ার স্টেশন শেয়ারবাজারে আসার আগ্রহ প্রকাশ করেছে এবং প্রতিষ্ঠানটির আসন্ন বোর্ড সভায় তালিকাভুক্তির প্রস্তাব তোলা হতে পারে বলে আশা করা হচ্ছে। তিনি আরও বলেন, কোম্পানিটির আর্থিক ভিত্তি শক্তিশালী এবং এটি নিয়মিতভাবে লাভজনকভাবে বিদ্যুত উত্পাদন করে যাচ্ছে। ডিএসই এপিএসসিএল-কে তালিকাভুক্তিতে সকল প্রকার প্রযুক্তিগত ও প্রশাসনিক সহায়তা দিতে প্রস্তুত।
উল্লেখ্য যে, এই উদ্যোগ অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূস- এর নির্দেশনার বাস্তবায়নের একটি বড় পদক্ষেপ। তিনি ২০২৫ সালের মে মাসে শেয়ারবাজার নিয়ে অনুষ্ঠিত সরকারের উচ্চপর্যায়ের এক বৈঠকে রাষ্ট্রায়ত্ত এবং সরকারি অংশীদারিত্বে পরিচালিত ভালো কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনার নির্দেশনা দেন।
বিপিডিবি’র চেয়ারম্যান আশাবাদ ব্যক্ত করে বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্তির মাধ্যমে সরকারি কোম্পানি ফান্ড সংগ্রহ করতে পারলে সরকারের উপরে অর্থনৈতিক চাপ কমে আসবে এবং কোম্পানিগুলোতে সাধারণ জনগণের মালিকানা প্রতিষ্ঠিত হবে। বিপিডিবি’র চেয়ারম্যান ডিএসই’র এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ডিএসই’র চেয়ারম্যানকে ধন্যবাদ জ্ঞ্যাপন করেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













