নতুন আইপিও আবেদন ব্যবস্থা নিয়ে বিএসইসির পাইলট টেস্টিং ও প্রশিক্ষণ সেশন
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-২৭ ১৭:১৭:৪২
ডিজিটাল পুঁজিবাজার গঠনের লক্ষ্যে নতুন অনলাইন আইপিও আবেদন ব্যবস্থা নিয়ে একটি পাইলট টেস্টিং ও প্রশিক্ষণ সেশন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গত ১৭ জুলাই অনুষ্ঠিত এই সেশনে অংশগ্রহণ করেন দেশের দুই স্টক এক্সচেঞ্জ, ৬০টি মার্চেন্ট ব্যাংক এবং বিএসইসির বিভিন্ন বিভাগের মোট ১১৯ জন প্রতিনিধি।
রোববার (২৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিএসইসি।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে বিএসইসির উপপরিচালক গৌর চন্দ সরকার বলেন, “এই ডিজিটাল উদ্যোগ পুঁজিবাজারকে আরও স্বচ্ছ, গতিশীল ও বিনিয়োগবান্ধব করে তুলবে।”
তিনি অনলাইন আবেদন ব্যবস্থার পেছনের পরিকল্পনা ও কৌশলগত লক্ষ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
সফটওয়্যার উন্নয়নকারী প্রতিষ্ঠান ট্যাপওয়্যার সল্যুশনস লিমিটেড-এর চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার মোহাম্মদ কামরুজ্জামান নতুন আইপিও আবেদন সিস্টেমের বৈশিষ্ট্য ও ব্যবহার পদ্ধতি উপস্থাপন করেন।
পরে নতুন পদ্ধতি হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়, যেখানে অংশগ্রহণকারীরা সরাসরি সিস্টেম ব্যবহার করে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।
অনুষ্ঠানে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) থেকে ২ জন করে, ৬০টি মার্চেন্ট ব্যাংক থেকে ১০৬ জন, বিএসইসির ক্যাপিটাল ইস্যু বিভাগ থেকে ৫ জন এবং এমআইএস বিভাগ থেকে ৪ জন অংশগ্রহণ করেন।
সেশন শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্রশ্নোত্তর পর্বটি পরিচালনা করেন পরিচালক রাজিব আহমেদ এবং অতিরিক্ত পরিচালক মো. ইকবাল হোসেন।
প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীদের প্রশ্নের সঠিক উত্তর দিয়ে নতুন সিস্টেমের বিশ্বাসযোগ্যতা তুলে ধরা হয়।
সক্রিয় অংশগ্রহণ ও গঠনমূলক মতামতের জন্য সকল অংশীজনকে ধন্যবাদ জানিয়েছে বিএসইসি। সেইসাথে ভবিষ্যতেও ডিজিটাল উদ্ভাবনে অগ্রণী ভূমিকা রাখতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













