পুঁজিবাজারে বড় বিনিয়োগকারী বেড়েছে, কমেছে ১ লাখের নিচে বিনিয়োগধারীর সংখ্যা
সানবিডি২৪ আপডেট: ২০২৫-০৭-২৯ ১৪:০০:০২
দীর্ঘদিন ধরে মন্দাভাবে থাকা দেশের পুঁজিবাজারে বেড়েছে বড় বিনিয়োগকারীদের সংখ্যা। তবে পোর্টফোলিওতে ১ লাখের নিচে বিনিয়োগ আছে এমন বিনিয়োগকারীদের আনাগোনা কমেছে।
পুঁজিবাজারে বিনিয়োগকারীর সংখ্যা অথবা বিও হিসাবের সংখ্যা কিংবা বিনিয়োগ কমছে সম্প্রতি এমন বক্তব্য লক্ষ্য করেছে বিএসইসি। তাই মঙ্গলবার (২৯ জুলাই) বিও হিসাবের হালনাগাদ তথ্য তুলে ধরে এমন দাবিকে সম্পূর্ণ সত্য নয় বলে দাবি করেছে সংস্থাটি।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছরের তুলনায় ৫০ কোটি হতে ৫০০ কোটি বা এর বেশি পোর্টফোলিও ভ্যালুসম্পন্ন বিও হিসাবের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বিগত বছরের তুলনায় মাঝারি বিনিয়োগকারী অর্থাৎ ৫০ লাখের বেশি ও ৫০ কোটির নিচে পোর্টফোলিও ভ্যালুসম্পন্ন বিও হিসাবের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। একইসাথে ক্ষুদ্র বিনিয়োগকারী, অর্থাৎ ১ লাখের বেশি ও ৫০ লাখের নিচে পোর্টফোলিও ভ্যালুসম্পন্ন বিও হিসাবের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
তবে, ১ লাখের নিচে বিনিয়োগ আছে এমন বিনিয়োগকারীদের সংখ্যা কমেছে বলে জানিয়েছে বিএসইসি।
বিএসইসি তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ১ লাখের নিচে বিনিয়োগ করেন এমন বিও হিসাবের সংখ্যা গত বছরে ৩০ জুন পর্যন্ত ছিল ৯ লাখ ১৬ হাজার ১৫৭ টি। চলতি বছরের ৩০ জুনে এই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮ লাখ ৩১ হাজার ৭৪৮ টিতে।
এর বিপরীতে, ১ লাখ বা তার বেশি বিনিয়োগ থাকা বিও হিসাবের সংখ্যা গত বছরে ছিল ৩ লাখ ৮৯ হাজার ৫৯৪ টি। এবছর এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৯০ হাজার ৩৮৫ তে।
১০ লাখ বা এর বেশি বিনিয়োগ আছে এমন বিও হিসাবের সংখ্যা গত বছরের তুলনায় ৬ হাজার ৪৬২ টি বিও হিসাব বৃদ্ধি পেয়েছে। গত বছরে ১০ লাখ বা এর বেশি বিনিয়োগ আছে এমন বিও হিসাবের সংখ্যা ছিল ৯৮ হাজার ৩৭১।
সেইসাথে ৫০ লাখ বা তার উপরে বিনিয়োগ থাকা বিও হিসাবের সংখ্যা আগের বছর ছিল ২২ হাজার ৯৬০। এবছর এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ২২৫। ১ কোটি বা তার উপরে বিনিয়োগ আছে এমন বিও হিসাবের সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে ৩২৩ টি। গত বছর এ সংখ্যা ছিল ১২ হাজার ৯৯৩।
পাশাপাশি ১০ কোটি বা তার বেশি বিনিয়োগ সম্পন্ন বিও হিসাবের সংখ্যা ২ হাজার ৮৯৪ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৯১ তে। আর ৫০ কোটি বা তার বেশি বিনিয়োগ সম্পন্ন বিও হিসাবের সংখ্যা ৬৯৬ থেকে ৩৭ টি বেড়ে ৭৩৩ হয়েছে।
এছাড়াও ১০০ কোটি কিংবা এর বেশি বিনিয়োগ সম্পন্ন বিও হিসাব গত বছরের তুলনায় বেড়েছে ২২ টি। আর ৫০০ কোটি বা তার বেশি বিনিয়োগকৃত বিও হিসাবের সংখ্যা বেড়েছে ২টি। যেখানে আগের বছর এই সংখ্যা ছিল ৬৮ টি।
এমকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













