পুঁজিবাজারের টেকসই সংস্কার ও উন্নয়নে কারিগরি সহযোগিতায় আগ্রহী এডিবি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৮-০৭ ১৮:০৯:৫৩
দেশের পুঁজিবাজারের টেকসই সংস্কার ও উন্নয়নে কারিগরি সহযোগিতায় আগ্রহী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিএসইসির সাথে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের বৈঠকে এই আগ্রহ প্রকাশ করেন সংস্থাটির প্রতিনিধিরা।
বৈঠকে বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ আবাসিক মিশনের সিনিয়র ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট মনোহরী গুণাবর্ধনা ও সিনিয়র প্রোজেক্ট অফিসার (ফিন্যান্সিয়াল সেক্টর) মোহাম্মাদ রাশেদ আল হাসান, বিএসইসির পরিচালক আবুল কালাম, বিএসইসির যুগ্ম পরিচালক সৈয়দ মুহাম্মদ গোলাম মাওলা ও বিএসইসির উপ পরিচালক মোহাম্মদ আসিফ ইকবাল উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের পুঁজিবাজারের সার্বিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পুঁজিবাজারের সংস্কার পরিকল্পনা ও সংস্কার বাস্তবায়ন, পুঁজিবাজারের আধুনিকায়ন, বিএসইসির সার্ভেইল্যান্স সিস্টেমের আধুনিকায়ন, ইআরপি সিস্টেমের উন্নয়ন ও বাস্তবায়ন এবং পুঁজিবাজারে স্বচ্ছতা-জবাবদিহিতা ও সুশাসন বিষয়ে আলোচনা হয়।
এছাড়াও বৈঠকে তালিকাভুক্ত কোম্পানিসমূহের স্বতন্ত্র পরিচালকদের দক্ষতা-সক্ষমতার উন্নয়ন ঘটিয়ে কোম্পানিসমূহের সুশাসন নিশ্চিতকরণ, বন্ড মার্কেটের উন্নয়ন, টেকসই অর্থায়ন, কমোডিটি এক্সচেঞ্জ ও ডেরিভেটিভ পণ্য, দীর্ঘমেয়াদি অর্থায়নের ক্ষেত্র হিসেবে পুঁজিবাজারকে প্রতিষ্ঠা, দেশের পুঁজিবাজারের ভালো মৌল ভিত্তিসম্পন্ন দেশি-বিদেশী ও বহুজাতিক কোম্পানির তালিকাভুক্তি, পুঁজিবাজারের বিদ্যমান আইনসমূহ যুগোপযোগিকরণ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বিএসইসির চেয়ারম্যান পুঁজিবাজারের সংস্কারের জন্য গৃহীত উদ্যোগ-কার্যক্রম, টাস্কফোর্স ও তদন্ত কমিটির রিপোর্ট এবং পুঁজিবাজারের উন্নয়নে বিএসইসির পরিকল্পনার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। পুঁজিবাজার সংস্কারের অংশ হিসেবে টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে মার্জিন রুলস, পাবলিক ইস্যু রুলস ও মিউচুয়াল ফান্ড বিধিমালা প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি। এছাড়াও তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী বিএসইসির এনফোর্সমেন্ট কার্যক্রম চলমান রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বৈঠকে বিএসইসির পক্ষ থেকে আগামীতে দেশের পুঁজিবাজার সংস্কার বাস্তবায়ন এবং পুঁজিবাজারের আধুনিকায়নে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













