তা’মীরুল মিল্লাত মাদ্রাসায় আলিম ১ম বর্ষের সবক ও নবীনবরণ সম্পন্ন
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৯-১৫ ২০:৪১:২৬
দেশসেরা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির নবীন শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) মাদরাসার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আব্দুল গাফফার মাক্কী ও অনার্স বিভাগের পরিচালক মাওলানা শরিফুল ইসলাম।
মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেমে দ্বীন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক সফল অধ্যক্ষ ও তা’মীরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শাম্মি কামিল মাদরাসার সাবেক মুহাদ্দিস শায়খুল হাদীস আল্লামা ফজলুল কারীম, বায়তুল মোকাররম এর ইমাম ড. মুহিউদ্দীন কাসেমী।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আব্দুল মান্নান, মাদরাসার সহকারী অধ্যাপক আব্দুস সামাদ, ফকিহ মাওলানা মহিউদ্দীন, মুফাসসির মাওলানা আবুল কাসেম, মুফাসসির মাওলানা জাকির হুসাইন শেখ, কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি হাফেজ আব্দুর রহমান ও এজিএস আব্দুল কাইয়ুম।
এসময় প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন নবীন শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন। তিনি শিক্ষার্থীদের যুগ শ্রেষ্ঠ আলেম এবং বিশ্ব নেতৃত্বের উন্নততর যোগ্যতা অর্জনের জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতি মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মাদ খলিলুর রহমান শিক্ষার্থীদের অমিত সম্ভাবনার কথা বলে তাদেরকে আগামীর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
নবাগত শিক্ষার্থীদের পবিত্র হাদীস থেকে দরস দিয়ে আলিম ক্লাসের প্রথম সবক উদ্বোধন করেন বরেণ্য আলেমেদ্বীন অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন।
অনুষ্ঠান শেষে তা’মীরুল মিল্লাত মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় বোর্ড বৃত্তি প্রাপ্ত ২২ জন শিক্ষার্থীকে পুরুস্কৃত করা হয়।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













