৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফল আজ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-১০-১৯ ১৪:০৯:৫৩
৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার (এমসিকিউ টাইপ) ফলাফল প্রকাশ করা হবে আজ রোববার। রোববার (১৯ অক্টোবর) বিকেলে অথবা সন্ধ্যার পর এ ফল প্রকাশ করা হতে পারে।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা শাখার (ক্যাডার) এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সব কাজ ও ফল প্রকাশের প্রস্তুতি শেষ। আজই ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানও আজ ৪৯তম বিসিএসেএ ফল প্রকাশ করা হতে পারে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গত ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হয়। শুধুমাত্র ঢাকা মহানগরে এ পরীক্ষার কেন্দ্র ছিল। এতে অংশ নিতে আবেদন করেন ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন। তবে ঠিক কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন, সে তথ্য জানায়নি পিএসসি।
পিএসসি সূত্র জানায়, বিশেষ এ বিসিএসে শিক্ষা ক্যাডার কর্মকর্তা নিয়োগের মাধ্যমে দেশের সরকারি কলেজ ও শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে শিক্ষক সংকট দূর করা হবে। সেজন্য দ্রুততত সময়ে ফল প্রকাশ করা হবে এবং শিগগির মৌখিক পরীক্ষা নেওয়া শুরু করা হবে।
এদিকে, পিএসসির রোডম্যাপ অনুযায়ী, ৪৯তম বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ২৬ অক্টোবর থেকে শুরু করা হবে। এতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা অংশ নিতে পারবেন।
বিজ্ঞপ্তির তথ্যমতে, ৪৯তম বিসিএসের মাধ্যমে দেশের সরকারি সাধারণ কলেজে বিভিন্ন বিভাগে প্রভাষক পদে ৬৫৩টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। আর সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০টি শূন্যপদে প্রভাষক নিয়োগ দেওয়া হবে।
সবচেয়ে বেশি ৬১টি শূন্যপদ বাংলা বিভাগে। এছাড়া রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, দর্শনে ৩০টি, রসায়নে ৩০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৩২টিসহ বিভিন্ন বিভাগে প্রভাষক নিয়োগ দেওয়া হবে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











