আজ শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৪-১৫ ০৮:৩৫:৩৩


দেশজুড়ে দীর্ঘ ১৬ বছর পর আজ বুধবার প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হচ্ছে। এদিন সকাল ১০টা থেকে দেশের ৬১ জেলার (পার্বত্য অঞ্চলের তিন জেলা বাদ) সব কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হবে, যা চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূচি অনুযায়ী, ১৫-১৮ এপ্রিল পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৫ এপ্রিল বাংলা, ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত, ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তবে পার্বত্য তিন জেলায় (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) বৈসাবি উৎসবের কারণে পরীক্ষা দুই দিন পিছিয়ে শুরু হবে। ওই জেলাগুলোতে ১৭ এপ্রিল গণিত, ১৮ এপ্রিল সাধারণ বিজ্ঞান ও সমাজ, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় একই থাকবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য পরীক্ষায় অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে। সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশে পরীক্ষা গ্রহণে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছে অধিদপ্তর।

অধিদপ্তর সূত্র জানায়, ২০২৫ সালে সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মধ্য থেকে ৪০ শতাংশ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিতে পারবে। তবে ঠিক কতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে, তা জানায়নি অধিদপ্তর।

সবশেষ ২০০৮ সালে প্রাথমিকে বৃত্তি পরীক্ষা হয়েছিল। এরপর ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) শুরু করে সরকার। এর ফলাফলের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হতো। ফলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ১৬ বছর বন্ধ ছিল।

এনজে