এসএসসি পরীক্ষার্থীরা হলে কাঁটাযুক্ত হাতঘড়ি ব্যবহার করতে পারবে
সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-০৪-২২ ১৫:১৮:৪৪
এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে কাঁটাযুক্ত (নন-প্রোগ্রামেবল) হাতঘড়ি ব্যবহার করতে পারবে। একইসঙ্গে নির্ধারিত মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহারেরও অনুমতি দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
বুধবার (২২ এপ্রিল) জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে নির্দিষ্ট কিছু সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। অনুমোদিত মডেলগুলোর মধ্যে রয়েছে—FX-82MS, FX-100MS, FX-570MS, FX-991MS, FX-991EX, FX-991ES, FX-991ES Plus এবং FX-991CW। এসব নির্ধারিত মডেলের পাশাপাশি শিক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করতে পারবে।
এছাড়া পরীক্ষার্থীদের কাঁটাযুক্ত (নন-প্রোগ্রামেবল) হাতঘড়ি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তবে প্রোগ্রামেবল কোনো ডিভাইস ব্যবহারের সুযোগ নেই বলে জানানো হয়েছে।
বোর্ড কর্তৃপক্ষ বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্রকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, সোমবার (২১ এপ্রিল) থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত এবং প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













