ঢাবির নতুন প্রক্টর ইসরাফিল রতন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আপডেট: ২০২৬-০৫-১০ ১৮:৩৬:৫৩


ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন)। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করে আসছিলেন।

রোববার (১০ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক চিঠিতে এই নিয়োগের তথ্য জানানো হয়।

রেজিস্ট্রার স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রচলিত শর্তে ১০ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করেছেন। এই পদের জন্য তিনি বিধি মোতাবেক সকল ভাতা ও সুবিধাদি প্রাপ্য হবেন। তবে বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করার এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

চিঠিতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার পার্ট-২ (১৯৯৭)-এর ১১ অধ্যায়ে বর্ণিত প্রক্টরের দায়িত্ব ও কর্মপদ্ধতি বিষয়ক বিধি-বিধান অনুযায়ী তাকে এই দায়িত্ব পালন করতে হবে। একইসাথে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্বভার গ্রহণ করে দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় অফিসে যোগদানপত্র প্রেরণ করার জন্য চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, রোববার (১০ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন সাবেক প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।

সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘ব্যক্তিগত কারণে আমি প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছি। মাত্রই পদত্যাগ জমা দিয়ে এসেছি। আমি এই মুহুর্তে বিশ্রামে থাকতে চাচ্ছি। তাই এ সিদ্ধান্ত নিয়েছি।’

প্রসঙ্গত, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর অন্তর্র্বতী সরকার ক্ষমতায় আসে। এরপর ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ প্রক্টর হিসেবে নিয়োগ পান। সে সময় নতুন ভিসিও নিয়োগ দেওয়া হয়েছিল।

গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে বিএনপি। এরপর গত দুই মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। এরইমধ্যে আজ পদত্যাগের ঘোষণা দিলেন প্রক্টর।

বিএইচ