২০২২ সালের পর ভাতাবঞ্চিত শিক্ষকদের অবসর ভাতা দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৬-০৪ ১৬:৪৫:৪৯


২০২২ সালের পর থেকে যেসব শিক্ষক কল্যাণ ট্রাস্টের আওতায় অবসর ভাতা পাননি, তাদের জন্য অবসর ভাতা কার্যক্রম পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের অবসর ভাতা দেওয়ার জন্য সরকার ২ হাজার কোটি টাকার একটি থোক বরাদ্দ দিয়েছে। আগামী এক মাসের মধ্যে এ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, অতীতে শিক্ষক কল্যাণ ট্রাস্ট থেকে কয়েক হাজার কোটি টাকা তসরুপ হয়েছে, যার কারণে অবসর ভাতা দেওয়ায় জটিলতা সৃষ্টি হয়েছিল। তবে নতুন বরাদ্দের মাধ্যমে বঞ্চিত শিক্ষকদের ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ বছর শিক্ষা খাতে বাজেট জিডিপির ২ শতাংশ দেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এটাকে পর্যায়ক্রমে ৫ শতাংশে উন্নীত করা হবে বলে আশ্বাস করেছেন প্রধানমন্ত্রী। আসছে অর্থবছরে শিক্ষার বাজেট সর্বোচ্চ। যা টাকার অঙ্কে ১ লাখ ২৩ হাজার কোটি টাকা। শিক্ষার যাবতীয় খোঁজখবর প্রধানমন্ত্রী নিয়েছেন বলেও জানান শিক্ষামন্ত্রী।

বিএইচ