বাজেটে আমজনতার স্বস্তি

কমছে হার্টের রিং ও ৬০ নিত্যপণ্যের দাম, বাড়ছে সিগারেট ও বিলাসবহুল গাড়ির খরচ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৬-১১ ১৫:১০:২০


নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ও চিকিৎসা খরচ কমাতে বড় ধরনের শুল্ক ও কর ছাড়ের প্রস্তাব করা হয়েছে। এর ফলে চাল, ডাল, তেলসহ ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং হৃদরোগীদের হার্টের রিং ও চোখের লেন্সের দাম কমছে। অন্যদিকে, রাজস্ব আদায় বৃদ্ধি এবং বিলাসবহুল পণ্য আমদানি নিরুৎসাহিত করতে সিগারেট, তামাকজাত পণ্য, উচ্চ সিসির বিদেশী গাড়ি, বিদেশি ফল ও প্রসাধনীর ওপর শুল্ক ও ভ্যাট বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই শুল্ক ও কর পরিবর্তনের প্রস্তাব করবেন বলে জানা গেছে।

বাজেট প্রস্তাবনা অনুযায়ী, চিকিৎসা খাতে সাধারণ মানুষের বড় স্বস্তি দিতে আমদানি করা হার্টের রিং এবং চোখের ছানি অপারেশনে ব্যবহৃত ইন্ট্রাওকুলার লেন্স সরবরাহের ওপর বিদ্যমান ১০ শতাংশ ভ্যাট সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। এর ফলে প্রতিটি হার্টের রিংয়ের দাম প্রায় ২০ হাজার টাকা পর্যন্ত কমতে পারে। এছাড়া বাজারে চলমান মূল্যস্ফীতির চাপ থেকে ভোক্তাদের রক্ষা করতে চাল, ধান, গম, আলু, পেঁয়াজ, রসুন, আদা, ভোজ্যতেল, চিনি, লবণ ও মাছ-মাংসসহ মোট ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর বিদ্যমান উৎস করের হার কমিয়ে মাত্র ০.৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

কৃষি ও পোল্ট্রি খাতের উৎপাদন খরচ কমাতে সব ধরনের রাসায়নিক সার, কীটনাশক আমদানিতে ভ্যাট ও আগাম কর সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। পাশাপাশি ডেইরি ও মৎস্য খাতের পশুখাদ্য ও ওষুধের ওপরও শুল্ক ছাড় দেওয়া হয়েছে। দেশীয় প্রযুক্তি শিল্পের বিকাশে স্মার্টকার্ড ও ব্যাংক কার্ডের কাঁচামাল আমদানিতে ৫ শতাংশ অতিরিক্ত আমদানি শুল্ক অব্যাহতি এবং দেশীয় রেফ্রিজারেটর, এসি ও মোটরসাইকেল উৎপাদনকারী শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক রেয়াত সুবিধা আরও বৃদ্ধি করা হয়েছে।

এদিকে, বাজেটে তামাকজাত পণ্যের ব্যবহার নিরুৎসাহিত করতে সব ধরনের সিগারেট, বিড়ি, জর্দা ও গুলের ওপর সম্পূরক শুল্ক এবং মূল্য স্তরের ভিত্তি বৃদ্ধি করা হয়েছে, যার কারণে ধূমপায়ীদের খরচ বাড়বে। দেশীয় ফলের বাজার সুরক্ষায় এবং ডলার সাশ্রয়ে আমদানিকৃত বিদেশী ফল, কসমেটিকস ও সুগন্ধির ওপর নিয়ন্ত্রণমূলক শুল্ক বাড়ানো হয়েছে। উচ্চ ইঞ্জিন ক্ষমতাসম্পন্ন (উচ্চ সিসি) বিলাসবহুল বিদেশী গাড়ি আমদানির ওপর সম্পূরক শুল্ক পুনর্বিন্যাস করায় এসব গাড়ির দাম আরও বাড়বে। এছাড়া পরিবেশ দূষণ রোধে ওয়ান-টাইম প্লাস্টিক সামগ্রী ও পলিথিন ব্যবহারের ওপর শুল্ক ও ভ্যাটের হার বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

একনজরে কমছে যেসব পণ্যের দাম

হার্টের রিং: হৃদরোগীদের আমদানিকৃত হার্টের রিং সরবরাহের ওপর বিদ্যমান ১০ শতাংশ ভ্যাট সম্পূর্ণ মওকুফ করার প্রস্তাব করা হয়েছে।
চোখের ইন্ট্রাওকুলার লেন্স: চোখের ছানি অপারেশনের লেন্সেও ১০ শতাংশ ভ্যাট সম্পূর্ণ মওকুফ করার প্রস্তাব করা হয়েছে।

নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী (৬০টি পণ্য): চাল, ধান, গম, আলু, পেঁয়াজ, রসুন, আদা, ভোজ্যতেল, চিনি, লবণ, ডাল এবং মাছ-মাংসসহ মোট ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর উৎস কর কমিয়ে মাত্র ০.৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে।

রাসায়নিক সার ও কীটনাশক: সব ধরনের সার ও কীটনাশক আমদানিতে ভ্যাট ও আগাম কর সম্পূর্ণ মওকুফ করার প্রস্তাব করা হয়েছে।

পশুখাদ্য ও ওষুধ: পোল্ট্রি, ডেইরি ও মৎস্য খাতের উৎপাদন খরচ কমাতে আমদানিকৃত খাদ্য ও পশু চিকিৎসার উপকরণের শুল্ক ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

স্মার্টকার্ড ও ব্যাংক কার্ডের কাঁচামাল: ডেবিট/ক্রেডিট ও স্মার্টকার্ড তৈরির ১০টি অত্যাবশ্যকীয় কাঁচামাল আমদানিতে ৫ শতাংশ অতিরিক্ত আমদানি শুল্ক অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

দেশীয় ইলেকট্রনিক্স ও মোটরসাইকেল: দেশীয় রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার এবং মোটরসাইকেল উৎপাদনকারী শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক রেয়াত সুবিধা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

একনজরে বাড়ছে যেসব পণ্যের দাম

সিগারেট, বিড়ি ও জর্দা: সব ধরনের তামাকজাত পণ্যের ওপর সম্পূরক শুল্ক এবং মূল্য স্তরের ভিত্তি বৃদ্ধি করায় ধূমপান ও তামাকের খরচ বাড়ছে।

আমদানি করা বিদেশি গাড়ি: উচ্চ ইঞ্জিন ক্ষমতাসম্পন্ন (উচ্চ সিসি) বিলাসবহুল বিদেশি গাড়ি আমদানির ওপর সম্পূরক শুল্ক পুনর্বিন্যাস ও বৃদ্ধি করা হয়েছে।

বিদেশী ফল: দেশীয় ফলের বাজার সুরক্ষায় আমদানিকৃত বিদেশী ফলের ওপর নিয়ন্ত্রণমূলক শুল্ক বাড়ানো হয়েছে।

প্রসাধনী ও সুগন্ধি: বিলাসবহুল কসমেটিকস ও বিদেশী পারফিউম আমদানির ওপর নিয়ন্ত্রণমূলক শুল্ক বৃদ্ধি করা হয়েছে।

প্লাস্টিক ও পলিথিন পণ্য: পরিবেশের জন্য ক্ষতিকর ওয়ান-টাইম প্লাস্টিক সামগ্রী ও পলিথিন ব্যবহারের ওপর শুল্ক ও ভ্যাটের হার বাড়ানো হয়েছে।

এএ