রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৭-২৭ ২১:৩০:৫৮
দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
সোমবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিগ ওয়েভ) ১০ম চায়না-দক্ষিণ এশিয়া এক্সপো এবং ৩০তম চায়না-কুনমিং আমদানি-রপ্তানি ২০২৬ শীর্ষক মেলার ডি ব্রিফিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য বিশ্ববাজারে পরিচিতি ও রপ্তানির লক্ষ্যে আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক ক্ষুদ্র উদ্যোক্তা প্রয়োজনীয় আর্থিক সহযোগিতার অভাবে এসব মেলায় অংশ নিতে পারেন না।
তিনি রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করার ঘোষণা দেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। জনগণের ব্যবসা-বাণিজ্য, বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের বাণিজ্য সহজীকরণের জন্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর করা হবে। লাইসেন্স যেন ঘরে বসেই অনলাইনে পেতে পারেন সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফের সভাপতিত্বে সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব আতাউর রহমান খান বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
সভায় অন্যদের মধ্যে বাংলাদেশ বহুমুখী পাটজাত পণ্য প্রস্ততকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি রাশেদুল করিম মুন্না এবং ফুটওয়্যার লেদারগুডসজ উৎপাদনকারী ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নাসির খান বক্তব্য রাখেন।
এসময় মন্ত্রী উপস্থিত ক্ষুদ্র উদ্যোক্তাদের বক্তব্য, প্রস্তাবনা ও কুনমিং মেলার অভিজ্ঞতা শোনেন এবং মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠানের শুরুতে বাণিজ্যমন্ত্রীসহ অতিথিরা রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে প্রকাশিত ত্রৈমাসিক নিউজলেটার পত্রিকার মোড়ক উন্মোচন করেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














