চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৭-৩১ ০৯:৩৪:৪৪
চট্টগ্রামের আনোয়ারায় টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস দোকানে ঢুকে পড়েছে। এ দুর্ঘটনায় দুই নারী নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অন্তত ছয়টি সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা দুমড়ে-মুচড়ে যায়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে উপজেলার চাতরী চৌমুহনী বাজারসংলগ্ন টানেল মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চাতরী চৌমুহনী বাজারের টানেল মোড় এলাকায় যাত্রীর অপেক্ষায় বেশ কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে। বাসের তীব্র ধাক্কায় সেখানে দাঁড়িয়ে থাকা যানবাহন দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা মানুষজন চাপা পড়েন।
দুর্ঘটনায় আহত পথচারী কহিনুর আক্তার (৩০) বলেন, ‘আমি দোকানে বসে চা-নাশতা খাচ্ছিলাম। হঠাৎ একটি বাস এসে দোকানের ভেতর ঢুকে পড়ে। বাসের ধাক্কায় কয়েকটি সিএনজিও দোকানের ভেতরে চলে আসে। আমি মাথায় ও পেটে প্রচণ্ড আঘাত পেয়েছি।’
আহত পোশাক শ্রমিক দিদারুল আলম (৩৫) জানান, কারখানা থেকে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে পেছন থেকে আসা বাসটি সজোরে ধাক্কা দিলে মুহূর্তের মধ্যে সবকিছু ওলটপালট হয়ে যায়।
আনোয়ারা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ বলেন, আমাদের কাছে ১০ জন আহতের তথ্য রয়েছে। এছাড়া হাসপাতালে নেওয়ার পর দুইজন মারা যান। উদ্ধারকাজ পরিচালনায় আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অনিন্দিতা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। আশঙ্কাজনক আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হচ্ছে।
পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাগুলো জব্দ করা হয়েছে। ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














