বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন মিরাজ
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২৬-০৮-১৬ ০৯:২১:২২
ব্যাট হাতে দুর্দান্ত ইনিংসের পর বল হাতে ঘূর্ণি জাদু। ডারউইন টেস্টে অলরাউন্ড নৈপুণ্যে আলোচনায় থাকা মেহেদী হাসান মিরাজ এবার নাম লেখালেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্টে ১০০ উইকেট ও ১ হাজার রানের ডাবল পূর্ণ করেছেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ডারউইন টেস্টের চতুর্থ দিনে প্যাট কামিন্সকে আউট করার মধ্য দিয়ে এই মাইলফলক স্পর্শ করেন মিরাজ। তার অফ-স্পিনে কামিন্সের ব্যাটের কানা ছুঁয়ে যাওয়া বল শর্ট ফিল্ডার সাদমান ইসলামের হাতে জমা পড়তেই টেস্ট চ্যাম্পিয়নশিপে মিরাজের উইকেটসংখ্যা পৌঁছে যায় ১০০-তে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত ৩২ ম্যাচে মিরাজের সংগ্রহ ১০০ উইকেট ও ১ হাজার ৪৩৬ রান। এই অনন্য ডাবল গড়ার কীর্তি এর আগে ছিল মাত্র চার ক্রিকেটারের। তারা হলেন- ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স এবং ইংল্যান্ডের ক্রিস ওকসের।
মিরাজের আগে বাংলাদেশের হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন তাইজুল ইসলাম। ফলে মিরাজ হলেন এই টুর্নামেন্টে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে শত উইকেটের মালিক।
ডারউইন টেস্টে মিরাজের পারফরম্যান্স অবশ্য শুধু একটি মাইলফলকেই সীমাবদ্ধ নয়। তৃতীয় দিনে দলের কঠিন সময়ে টেলএন্ডারদের সঙ্গে নিয়ে ৬৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। এরপর বল হাতেও অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে চাপ তৈরি করেন।
তৃতীয় দিনে স্টিভেন স্মিথকে ফেরানোর পর চতুর্থ দিনে একে একে অ্যালেক্স ক্যারি, ব্যু ওয়েবস্টার ও প্যাট কামিন্সকে সাজঘরে ফেরান মিরাজ। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত তার শিকার চার উইকেট।
আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারেও মিরাজের পরিসংখ্যান বেশ সমৃদ্ধ। ৫৯ টেস্টে ৩.০৮ ইকোনমিতে তার উইকেটসংখ্যা ২২৩। ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন ১৪ বার, আর ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে তিনবার। ব্যাট হাতে ২৪.১৭ গড়ে করেছেন ২ হাজার ২৯৬ রান।
ডারউইনে ব্যাট-বল দুই বিভাগেই মিরাজের এই পারফরম্যান্স তাই শুধু দলের জন্য গুরুত্বপূর্ণ নয়, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেও যোগ করেছে নতুন এক গৌরবের অধ্যায়।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














