অপরিশোধিত ইস্পাত উৎপাদন কমেছে বিশ্বজুড়ে
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৮-২৭ ১৫:২৪:৩৩
চলতি বছর জুলাইয়ে চীনের ইস্পাত উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৬ শতাংশ কমে ৭ কোটি ৬৯ লাখ টনে দাঁড়িয়েছে।
এমন তথ্য জানিয়েছে ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন।
জানা গেছে, বিশ্বজুড়ে অপরিশোধিত ইস্পাতের উৎপাদন দশমিক ৩ শতাংশ কমে ১৪ কোটি ৯২ লাখ টনে নেমেছে। বিশ্বের সবচেয়ে বড় ইস্পাত উৎপাদক দেশ চীনে উৎপাদন কমায় বাজারে এর প্রভাব পড়েছে। ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী, চলতি বছর জুলাইয়ে চীনের ইস্পাত উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৬ শতাংশ কমে ৭ কোটি ৬৯ লাখ টনে দাঁড়িয়েছে। খবর হেলেনিক শিপিং নিউজ ও আনাদোলু এজেন্সি।
তবে কয়েকটি বড় উৎপাদক দেশে বেড়েছে উৎপাদন। এর মধ্যে ভারতে উৎপাদন ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ১ কোটি ৪৪ লাখ টনে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রে উৎপাদন বেড়েছে ৪ দশমিক ৪ শতাংশ, মোট উৎপাদন হয়েছে ৭৪ লাখ টন। তুরস্কে উৎপাদন ৭ শতাংশ বেড়ে ৩৪ লাখ টনে দাঁড়িয়েছে।
গত জুলাইয়ে জাপানে ইস্পাত উৎপাদন দশমিক ৪ শতাংশ বেড়ে ৬৯ লাখ টন হয়েছে। রাশিয়ায় উৎপাদন বেড়েছে ৩ দশমিক ৩ শতাংশ, আনুমানিক উৎপাদন হয়েছে ৫৭ লাখ টন। জার্মানিতে উৎপাদন ৩ শতাংশ বেড়ে ২৮ লাখ এবং ব্রাজিলে দশমিক ১ শতাংশ বেড়ে ২৮ লাখ টন হয়েছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














