ভরিতে ৪৪৭৪ টাকা কমলো সোনার দাম

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৮-৩১ ১১:৫২:০২


দেশের বাজারে কমানো হয়েছে মূল্যবান ধাতু সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমানো হয়েছে ৪ হাজার ৪৭৪ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় এই দাম কমানো হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সোমবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ২৯ আগস্ট ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় ৭ হাজার ১১৫ টাকা। তার আগে ২০, ২২ ও ২৫ আগস্ট তিন দফায় ভালো মানের এক ভরি সোনার দাম বাড়ানো হয় ১০ হাজার ৯৬৪ টাকা। এখন দাম কমানোর ফলে দু-দফায় ভালো মানের এক ভরি সোনার দাম কমলো ১১ হাজার ৪৮৯ টাকা।

এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪ হাজার ১৪১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা।

এনজে