মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়বে: ধর্মমন্ত্রী

সানবিডি২৪ ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-১৯ ১৯:৩৮:২৩


পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি হুমকি কিংবা সেখানে যেকোনো ধরনের হামলার চেষ্টা করা হলে বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ধর্মমন্ত্রী বলেন, পবিত্র মক্কা আল-মুকাররমা ও মদিনা আল-মুনাওয়ারা বিশ্ব মুসলিমের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ইবাদত ও পবিত্রতার স্থান। এ দুই নগরী সমগ্র মুসলিম উম্মাহর আবেগ, বিশ্বাস ও ভালোবাসার কেন্দ্র। সেখানে কোনো ধরনের হামলা, আগ্রাসন কিংবা নিরাপত্তার প্রতি হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, প্রয়োজনে বিশ্বের লক্ষ লক্ষ মুসলিম জীবন বিলিয়ে দিয়ে পবিত্র ভূমির মর্যাদা রক্ষা করবে। মক্কা ও মদিনার বিরুদ্ধে যেকোনো আগ্রাসন বা ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

পবিত্র আল-হারামাইনের (মক্কা ও মদিনা) দুই ইমামের বক্তব্যের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, মক্কা ও মদিনার পবিত্রতা ও নিরাপত্তা রক্ষা করা সমগ্র মুসলিম উম্মাহর সম্মিলিত দায়িত্ব। পবিত্র ভূমির বিরুদ্ধে যেকোনো আগ্রাসন বা ষড়যন্ত্র বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

ধর্মমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের জনগণ পবিত্র দুই নগরীর নিরাপত্তা, মর্যাদা ও পবিত্রতা রক্ষার প্রশ্নে আপসহীন। বিশ্বের সব মুসলিম রাষ্ট্র ও মুসলিম উম্মাহকে বিভেদ ভুলে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বর্তমানে ও ভবিষ্যতে মক্কা আল-মুকাররমা ও মদিনা আল-মুনাওয়ারার বিরুদ্ধে যেকোনো হুমকি বা হামলার অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিহত করতে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিবৃতিতে ধর্মমন্ত্রী মহান আল্লাহর কাছে পবিত্র মক্কা ও মদিনার সার্বিক নিরাপত্তা এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সংহতি ও কল্যাণ কামনা করেন।

বিএইচ