স্বাস্থ্য ক্যাডারে বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১ অক্টোবর

সানবিডি২৪ ডেস্ক আপডেট: ২০২৬-০৯-২৪ ১৬:৫৬:২৯


স্বাস্থ্য ক্যাডারে ৫ হাজার চিকিৎসক নিয়োগের লক্ষ্যে ৫১তম বিশেষ বিসিএসের আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১ অক্টোবর থেকে। ১ অক্টোবর সকাল ১০টা থেকে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করে ইউজার আইডি পাওয়া প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন।

এই বিশেষ বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে মোট ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগের কথা রয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী সার্জন পদে আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। আর সহকারী ডেন্টাল সার্জন পদে আবেদনের জন্য বিডিএস বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স ২০২৬ সালের ১ সেপ্টেম্বর তারিখে ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।

সরকারি অনুমতি ছাড়া কোনো বিদেশি নাগরিককে বিয়ে করেছেন বা বিয়ের প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন-এমন প্রার্থীরা আবেদনের ক্ষেত্রে বিধিনিষেধের আওতায় পড়বেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। একই প্রার্থী একাধিক আবেদনপত্র দাখিল করতে পারবেন না।

৫১তম বিশেষ বিসিএসের এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে চিকিৎসক নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। অনলাইনে আবেদন সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা পিএসসির বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।

বিএইচ