হাদি হত্যা মামলার প্রতিবেদন ৩ নভেম্বর

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৯-২৭ ১৫:১৮:৩২


ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন নির্ধারিত দিনে জমা দিতে পারেনি সিআইডি। প্রতিবেদন দাখিলের জন্য আরও সময় চাওয়ায় আগামী ৩ নভেম্বর নতুন দিন নির্ধারণ করেছেন আদালত।

রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ দিন ধার্য করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা নির্ধারিত দিনে অধিকতর তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে পারেননি। ফলে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নতুন তারিখ ঠিক করেন আদালত।

এর আগে গত ২০ আগস্টও মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। সেদিনও তদন্ত শেষ না হওয়ায় আদালত ২৭ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করেছিলেন। কিন্তু সেই সময়ের মধ্যেও তদন্ত শেষ না হওয়ায় আবারও পিছিয়ে গেল প্রতিবেদন দাখিলের তারিখ।

মামলাটির তদন্ত প্রথমে করেছিল গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ৬ জানুয়ারি ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় সংস্থাটি। এতে ফয়সাল করিম মাসুদকে প্রধান অভিযুক্ত করা হয়। সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীসহ আরও কয়েকজনের নামও অভিযোগপত্রে রাখা হয়।

ডিবির ওই অভিযোগপত্রে আপত্তি জানিয়ে গত ১৫ জানুয়ারি আদালতে নারাজি আবেদন করেন মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। আদালত তার আবেদন মঞ্জুর করে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন। এরপর তদন্তের দায়িত্ব পায় সিআইডি।

ডিবির তদন্ত প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক প্রতিহিংসার কারণে হাদিকে হত্যা করা হয়েছে। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করা এবং ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির বিষয়টিও হত্যাকাণ্ডের উদ্দেশ্যের অংশ ছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ১২ ডিসেম্বর নির্বাচিন প্রচারণা শেষে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন হাদি। দুপুর ২টা ২০ মিনিটের দিকে পল্টন মডেল থানার বক্স কালভার্ট এলাকায় তার অটোরিকশা পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

গুলিতে গুরুতর আহত হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

হাদিকে গুলি করার ঘটনায় ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা করেন আবদুল্লাহ আল জাবের। পরে হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

আদালতের নির্দেশে বর্তমানে মামলাটির অধিকতর তদন্ত করছে সিআইডি। তবে নির্ধারিত দুই দফায় প্রতিবেদন জমা না হওয়ায় আগামী ৩ নভেম্বর আবারও আদালতে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন রাখা হয়েছে।

বিএইচ