ক্যাশলেস বাংলাদেশ গড়তে বনানী কাঁচাবাজারে বাংলা কিউআরের প্রচারণা

সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-১০-০১ ২১:৩৯:২৩


রাজধানীর বনানী কাঁচাবাজারে ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়ানো ও বাংলা কিউআর সম্পর্কে জনসচেতনতা তৈরিতে ‘ক্যাশলেস বাংলাদেশ’ প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং ডাচ্-বাংলা ব্যাংকের সহযোগিতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মন্ত্রী ডাচ্-বাংলা ব্যাংকের অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআরের মাধ্যমে একটি পণ্য কেনেন।

এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলা কিউআরকে নিরাপদ পেমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করে ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার সরকারের লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।

তিনি বলেন, কিউআর কোডের মাধ্যমে লেনদেন করা গেলে নগদ টাকা বহনের প্রয়োজন কমবে। এতে পেমেন্টের প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে।

ডাচ্-বাংলা ব্যাংক জানায়, সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে তারা সারা দেশে ধারাবাহিকভাবে সচেতনতামূলক ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করছে।

ব্যাংকটির অ্যাপ নেক্সাসপে ও রকেটের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে তাৎক্ষণিকভাবে ক্যাশবিহীন লেনদেন করা যায়। ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়িয়ে সহজ, দ্রুত ও ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থা গড়ে তুলতে ডাচ্-বাংলা ব্যাংক কাজ করছে।

বিএইচ